কুয়েতে বাংলাদেশী শ্রমিকদের ধর্মঘট

Kuwait City and Jahra, Kuwait

কুয়েতে ধর্মঘটরত বাংলাদেশী শ্রমিকরা মঙ্গলবার কাজে যোগ দিলেও চরম অসন্তোষ বিরাজ করছে। বকেয়া বেতন, ওভার টাইম ও অবকাশকালীন পাওনা অবিলম্বে পরিশোধের দাবিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছিল আগে থেকেই। সোমবার অবস্থান ধর্মঘটের মধ্যদিয়ে এর বহিঃপ্রকাশ ঘটে। ধর্মঘটি শ্রমিকদের মুখপাত্র চট্টগ্রামের মামুন কুয়েত টাইমসকে বলেছেন, শনিবার থেকে শ্রমিকরা কাজ করা থেকে বিরত ছিলেন। তার অভিযোগ, আমাদেরকে দিয়ে দাসের মতো কাজ করানো হয়। কাজ করতে হয় ১৬ ঘণ্টা। নির্ধারিত ৮ ঘণ্টার অতিরিক্ত কাজের কোন পারিশ্রমিক দেয়া হয় না। অথচ নিয়োগকারীরা ওভার টাইম দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মামুন জানান, গত সপ্তাহে পুলিশ ১৫ জন বাংলাদেশী শ্রমিককে গ্রেপ্তার করে। কুয়েতে বর্তমানে আড়াই লাখ শ্রমিক কাজ করছেন। বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর আবদুল লতিফ খান ভয়েস অব আমেরিকাকে বলেন, অনেকদিন ধরেই শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছিল। দূতাবাসের মাধ্যমে সেগুলোর সমাধানও করা হচ্ছিল। এর মধ্যেই হঠাৎ করে ধর্মঘটটা হয়েছে। আমরা আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। বেশিরভাগ শ্রমিকই কাজে যোগ দিয়েছেন।
আবদুল লতিফ খান জানান, ৯ জন শ্রমিককে ছেড়ে দিয়েছে। বাকী ৬ জনের বিরুদ্ধে ফৌজদারী অপরাধের অভিযোগ থাকায় ছাড়ানো সম্ভব হচ্ছে না।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট কুয়েত