পশ্চিমবঙ্গে ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছে দশটি বামদলের যুব ছাত্র সংগঠন

নবান্ন অভিযানে পুলিশের অত্যাচারের অভিযোগ তুলে বাম দলগুলি আগামীকাল শুক্রবার ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছে। সেই সঙ্গে সারা রাজ্যে পালিত হবে ধিক্কার দিবস। বামেদের এই প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানিয়েছে কংগ্রেস।

দশটি বামদলের যুব ছাত্র সংগঠনের 'নবান্ন অভিযান'কে ঘিরে আজ কলকাতায় ধুন্ধুমার বেধে যায়। মধ্য কলকাতার এস এন ব্যানার্জি রোড ও ধর্মতলা স্ট্রিটের দুটি মোড়ে পুলিশ বাম মিছিলকে আটকালে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশকর্মী ও অফিসার আহত হয়েছেন বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালায়, জলকামান চালায় এবং কাঁদানে গ্যাস ছোড়ে। পুলিশের লাঠির আঘাতে বেশকিছু ছাত্র-যুবক আহত হয়েছেন বলে অভিযোগ। সব মিলিয়ে মধ্য কলকাতা রণক্ষেত্র হয়ে ওঠে।

Your browser doesn’t support HTML5

পশ্চিমবঙ্গে ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছে দশটি বামদলের যুব ছাত্র সংগঠন

আজ সকালে কাজ, শিল্প, শিক্ষা এবং অন্যান্য দাবি নিয়ে বাম যুবছাত্র সংগঠনগুলো নবান্ন অভিযান করবে বলা ছিল‌। সেই অনুযায়ী পুলিশও তৈরি ছিল। জায়গায় জায়গায় মিছিল আটকানোর জন্য তারা ব্যারিকেড তৈরি করে। কিন্তু মারমুখী আন্দোলনকারীরা সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোড়ে, জলকামান চালায়। "শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশের এই আক্রমণের প্রতিবাদে" বাম দলগুলোর পক্ষ থেকে আগামীকাল শুক্রবার সকাল ছ'টা থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত ১২ ঘন্টার বনধ্ ডাকা হয়েছে। রাজ্য সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, মমতা সরকার সবদিক থেকেই ব্যর্থ হয়ে ছাত্র-যুব আন্দোলনকারীদের উপর পুলিশ লেলিয়ে দিয়েছে। এর প্রতিবাদে আগামীকাল বাংলা বনধ্ সবাই সমর্থন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।