করোনার প্রতিষেধক ভ্যাকসিন ইস্যুতে আগামী সোমবার ১১ই জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেল চারটের সময় ভার্চুয়াল ওই বৈঠক হবে। ফলে ভ্যাকসিন নিয়ে অপেক্ষার অবসান হতে চলেছে বলেই স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর। ইতিমধ্যেই ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধনও জানিয়েছেন, ‘আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। কয়েকদিনের মধ্যেই করোনার টিকাকরণ শুরু হতে চলেছে।’ মুখ্যমন্ত্রীদের বৈঠকেই প্রধানমন্ত্রী টিকাকরণের দিনক্ষণ ঘোষণা করতে পারেন বলে খবর।
Your browser doesn’t support HTML5
ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনার প্রতিষেধক ভ্যাকসিন সম্পর্কিতবৈঠক করবেন মোদি
প্রসঙ্গত বলা যেতে পারে করোনা রুখতে গত রবিবার ৩রা জানুয়ারি ভারতীয় দুই ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানি সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া’র ‘কোভিশিল্ড’ এবং ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘কোভ্যাকসিন’কে ‘রেস্ট্রিকডেট ইউজে’র ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। ছাড়পত্র পাওয়ার ১০ দিনের মধ্যে করোনার টিকাকরণ কর্মসূচি শুরু করতে স্বাস্থ্যমন্ত্রকও তৈরি বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। তাই ১২ থেকে ১৪ই জানুয়ারির মধ্যেই করোনার টিকা দেওয়ার কাজ শুরু হতে পারে বলে জোর চর্চা চলছে।