পোপ ফ্রান্সিস মহামারী থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারে বিশ্বের প্রতি 'সংহতি' প্রকাশের জন্য ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন। ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি স্লোভাকিয়া সফরের সময় তিনি ঐ আহ্বান জানান।
গত জুলাই মাসে কোলন অপারেশনের পর ৮৪ বছর বয়সী প্রধান যাজক তাঁর প্রথম বিদেশ সফরে মহামারীকে 'আমাদের নিজেদের সময়ের সবচেয়ে বড় পরীক্ষা' বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, 'এটি আমাদের শিখিয়েছে যে, আমরা সবাই একই নৌকায় থাকা সত্ত্বেও কেবল নিজেদের সম্পর্কে চিন্তা করা কত সহজ'।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ স্লোভাকিয়ার জনসংখ্যা ৫.৪ মিলিয়ন। দেশটিতে এই বছরের কয়েক সপ্তাহ ধরে মাথাপিছু কোভিড-১৯ এর সংক্রমণ এবং মৃত্যুর হার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ছিল।
স্লোভাকিয়ার রাজধানী ব্রাটিস্লাভায় পোপ বলেন, মহামারীর দীর্ঘ ও কঠিন মাসগুলোর পরে যে সমস্যার মুখোমুখি হতে হবে, সে সম্পর্কে আমরা সম্পূর্ন সচেতন এবং ইউরোপীয় ইউনিয়নের পুনরুদ্ধারের পরিকল্পনার অনুকূল অর্থনৈতিক উন্নতির আশা করছি।
স্লোভাকিয়ার ইহুদি সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সোমবারের শেষ দিকে পোপের দেখা করার কথা রয়েছে। বিশ্ব জুড়ে এখনও ইহুদি-বিদ্বেষ লুকিয়ে রয়েছে- এমন সতর্কতা প্রকাশের একদিন পর তিনি তাদের সঙ্গে দেখা করছেন।
পোপের সফরের তিনদিন আগে স্লোভাকিয়ার সরকার প্রথমবারের মত অতীতে সে দেশে নাৎসি অনুগত সরকারের ইহুদী নিধনে ভূমিকার জন্য ক্ষমা চেয়েছে।