পোপ ফ্রান্সিস ঘরে নারীর বিরুদ্ধে সহিংসতাকে “প্রায় শয়তানের কাজের সামিল” বলে নিন্দা করেছেন এবং বলেছেন, বাবা-মায়েদের কখনই তাদের সন্তানদের চড় মারা উচিত নয়।
পোপ ফ্রান্সিস একটি টেলিভিশন সাক্ষাৎকারে এক নির্যাতিত মহিলার সাথে কথোপকথনে ওই মন্তব্য করেন। মহিলা সম্প্রতি তার চার সন্তানকে নিয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন। তাদের বৈঠকটি রবিবারের শেষের দিকে বেসরকারি মিডিয়াসেট নেটওয়ার্কের টিজি ফাইভ প্রোগ্রামে সম্প্রচার করা হয় এবং এতে ফ্রান্সিসের সাথে একজন গৃহহীন মহিলা, একজন কারাবন্দী এবং একজন ছাত্রের সাথে কথোপকথনের ফুটেজ অন্তর্ভুক্ত ছিল।
নির্যাতিত মহিলা পোপকে তার জীবনের গল্প বলছিল এবং তাঁকে জিজ্ঞাসা করেছিল, সে এবং তার সন্তানেরা এত সহিংসতার শিকার হওয়ার পর, কীভাবে আত্মমর্যাদা খুঁজে পাবে।
পোপ ফ্রান্সিস, যিনি আগে “নারীহত্যা” নিয়ে কথা বলেছেন, গার্হস্থ্য সহিংসতার সমস্যাটি স্বীকার করে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। এটি ইতালিতে এখন নিয়মিত খবরের শিরোনাম হয়ে থাকে।তিনি বলেন, “আমি মনে করি, এই সমস্যাটি প্রায় শয়তানের কাজের মত, কারণ এটা হলো সেইসব দুর্বলকে ব্যবহার করে নিজে মুনাফা করার বিষয়, যারা নিজেদের রক্ষা করতে পারে না, যারা কেবল আঘাত থামানোর চেষ্টা করতে পারে”। “এটা অপমানজনক, খুব অপমানজনক”।
তারপরে তিনি এও বলেন, পিতামাতার হয়ে একটি শিশুকে চড় মারাও “অপমানজনক”। “আমি সবসময় বলি: কোনো শিশুর মুখে কখনো চড় মেরো না। কেন? কারণ তোমার মুখই তোমার মর্যাদা”।
নির্যাতিত মহিলার প্রশ্নের সরাসরি উত্তর দিয়ে, ফ্রান্সিস বলেন, তিনি তার মর্যাদা একটুও হারাননি। “আমি আপনার মর্যাদা অনুভব করতে পারি। আপনি যদি আপনার মর্যাদা হারিয়ে ফেলতেন, তবে আপনি এখানে থাকতেন না”, তিনি তাকে “পিয়েতা”- বা ক্রুশবিদ্ধ যীশুকে জড়ানো মাতা মেরির মূর্তি দ্বারা অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “ম্যাডোনার দিকে তাকান, এবং সাহসের সেই চিত্রটি সবসময় মনে রাখবেন”।