দক্ষিণ কোরিয়া আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তিতে যোগদানের ইচ্ছা ঘোষণা করলো

দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী হং নাম-কি রোমে জি-২০ অর্থ ও স্বাস্থ্য মন্ত্রীদের একটি বৈঠকের যোগদানের পূর্বে। ২৯ অক্টোবর, ২০২১।

দক্ষিণ কোরিয়া বলছে বাণিজ্য বৃদ্ধি এবং বিশ্ব অর্থনীতিতে তাদের উপস্থিতি সম্প্রসারিত করার প্রয়াসে একটি আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তিতে যোগদানের জন্য তারা আনুষ্ঠানিকভাবে আবেদন করবে।

অর্থমন্ত্রী হং নাম-কি সোমবার বলেছেন, ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ সিপিটিপিপি-র জন্য ব্যাপক এবং প্রগতিশীল চুক্তিতে যোগদানের প্রক্রিয়া শুরু করেছে সিওল। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সময় ওই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাবকে রুখে দেয়ার প্রয়াসে, ২০১৮ সালে ট্রান্স-প্যাসিফিক অংশীদারিত্বের উত্তরসূরি হিসাবে সিপিটিপিপি গঠিত হয়েছিল। পরবর্তীতে তার উত্তরসূরি, ডনাল্ড ট্রাম্প, ২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পরপরই, টিপিপি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।

সিপিটিপিপিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে: কানাডা, অস্ট্রেলিয়া, ব্রুনাই, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু এবং সিঙ্গাপুর।

এছাড়া বেইজিং-এর নেতৃত্বাধীন ১৫-দেশীয় আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব (আরইসিইপি), মুক্ত বাণিজ্য চুক্তিতে যোগ দেওয়ারও পরিকল্পনা করছে সিওল। যেখানে অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড এবং ফিলিপাইন অন্তর্ভুক্ত রয়েছে।

বৈদেশিক প্রতিযোগিতার আশংকায় দেশটির কৃষি খাতের বিরোধিতার কারণে, বহুজাতিক মুক্ত বাণিজ্য চুক্তিতে যোগ দিতে দক্ষিণ কোরিয়া এতদিন অনিচ্ছুক ছিল।