সৌদি তেল স্থাপনায় আক্রমণের জবাবে যারা হয়ত ইরানে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জরিফ, তাঁদের বিরুদ্ধে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন । এর ঠিক আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও সরাসরি ইরানকে দোষারোপ করেন এবং সৌদি আরবে যা ঘটেছে তাকে তিনি “ যুদ্ধ” বলেই অভিহিত করেন।
জারিফ এক টুইট বার্তায় একটি গোষ্ঠির উদাহরণ দেন, যাকে তিনি,তাঁর কথায় বি-টিম বলে অভিহিত করেছেন এবং বলছেন যে এই গোষ্ঠিটি যুক্তরাষ্ট্রের কর্মকর্তা এবং ইসরাইলী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেততেনইয়াহুকে নিয়ে গঠিত এবং এর লক্ষ্য হচ্ছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা। তিনি আরও বলেন যে তাঁরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ভুল বুঝিয়ে এই ধরণের সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
এ দিকে পম্পেও ঐ আক্রমণের বিরুদ্ধে সাড়া দেয়ার ব্যাপারে আলোচনা অব্যাহত রাখার লক্ষে এখন আবু ধাবিতে রয়েছেন। ঐ আক্রমণের কারণে সৌদিদের দৈনিক তেল উৎপাদন পাঁচ কোটি সত্তর লক্ষ ব্যারেল কমে গেছে যা কীনা বিশ্বে মোট তেল উৎপাদনের প্রায় ৬ শতাংশ।
গতকাল সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর, পম্পেও বলেন, যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গেই আছে এবং সৌদিদের নিজেদের প্রতিরক্ষার অধিকারকে সমর্থন করে। ইরানি সরকারের হুমকিসূচক আচরণকে সহ্য করা হবে না।