রাজ্যের উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় বিজেপির ডাকা বারো ঘণ্টার বনধ কে ঘিরে তৈরী হয় আজ অশান্তির আবহ। সাত সকালেই ভাঙচুর হয়েছে সরকারি বাস ও লরি। পরিস্থিতি সরেজমিনে দেখতে আগামীকাল চোপড়া যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল। আজ সকাল সাড়ে ছটা নাগাদ রায়গঞ্জের নেতাজি মোড়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর দুটি বাসে বিজেপি কর্মী সমর্থকরা যাত্রী নামিয়ে দিয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ। বাসদুটি দুর্গাপুর ও কলকাতা যাচ্ছিল।এছাড়া শিলিগুড়ি মোড়ের কাছে ভাঙচুর চালানো হয় একটি লরিতেও। হেমতাবাদ রাজ্য সড়ক ও ইসলামপুরে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান। অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল। তবে বেলা এগারোটার পর দু’টি রাস্তাতেই যান চলাচল শুরু হয়।পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে জোর করে দোকান বন্ধেরও অভিযোগ ওঠে। অশান্তির অভিযোগে জেলার বিভিন্ন এলাকা থেকে দুশো জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ প্রশাসন।প্রসংগত বলা যেতে পারে গতকাল বিজেপির কর্মসূচি চলার সময় তৃণমূলের বিরুদ্ধে বিজেপির মিছিল লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় অরেন সিংহ নামে এক ব্যক্তির। তারই প্রতিবাদে আজকের এই বনধ্ পালনের কর্মসূচী।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট