আমেরিকার সামরিক বাহিনী থেকে বলা হয়েছে, আফগানিস্তানে কাবুলের বাইরে এক আক্রমণে ৩জন আমেরিকান সেনা নিহত হন।
সোমাবারের ওই আক্রমণের দায় স্বীকার করেছে তালেবান। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বাহিনীর মুখপাত্র কর্নেল ডেভিড বাটলার ভয়েস অফ আমেরিকাকে বলেছেন বাগরাম বিমান ঘাঁটির কাছে নিরাপত্তা টহল দেওয়ার সময় একটি কনভয়ের কাছে এক গাড়ি বোমা বিস্ফোরিত হয়। বাগরাম বিমান ঘাঁটি হচ্ছে আফগানিস্তানে সব চাইতে বড় আমেরিকান ঘাঁটি। কাবুলের ৫০ কিলোমিটার উত্তরে বিমান ঘাঁটিটি অবস্থিত।
আক্রমণে আহত অন্যান্য ৩ আমেরিকান সৈনিক এবং একজন কনট্র্যাক্টারকে আমেরিকার সামরিক বাহিনী চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেয়। ওই কনট্র্যাক্টার একজন আফগান নাগরিক।
ইসলামপন্থী বিদ্রোহী গ্রুপের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ, বিস্ফোরণের দায় স্বীকার করে বলেন আক্রমণে ১০জন আমেরিকান হানাদার হতাহত হয়।
প্রায় ১৪ হাজার আমেরিকান সেনা আফগানিস্তানে আছে। তারা আফগান বাহিনীকে সমর্থন দিচ্ছে এবং সন্ত্রাস দমন অভিযান চালাচ্ছে।