আফগানিস্তানের নানগারহারে মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ১৫জন আহত

আফগানিস্তানের নানগারহার প্রদেশ

আফগানিস্তানের তালিবান কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার দুপুরের নামাজের সময় পূর্ব নানগারহার প্রদেশের একটি জনবহুল মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ১৫জন মুসল্লি আহত হয়েছেন।

প্রাদেশিক সরকারের মুখপাত্র মোহাম্মদ হানিফ ভিওএকে জানিয়েছেন মসজিদের ভেতরে বিস্ফোরকটি রাখা ছিল। তবে এই ঘটনায় কেউ মারা যায়নি বলে তিনি জানান।

তবে প্রত্যক্ষদর্শীদের মতে হতাহতের সংখ্যা অনেক বেশি। স্পিন ঘর জেলার ঐ মসজিদে সুন্নি মুসলমানরা নামাজ আদায় করছিলেন।

প্রদেশটিতে এই বোমা হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। এটি আফগানিস্তানের এমন একটি প্রদেশ যেখানে ইসলামিক স্টেট-খোরাসান প্রদেশ নামে পরিচিত ইসলামিক স্টেটের আঞ্চলিক সহযোগী সংগঠনের সাথে যুক্ত জঙ্গিরা তালিবান বাহিনী এবং বেসামরিক লোকজনদের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই বন্দুক ও বোমা হামলা করছে।

আগস্টের মাঝামাঝি তালিবান দেশটির নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে রাজধানী কাবুল সহ আফগানিস্তানের কিছু অংশে কয়েক ডজন হামলার দায় স্বীকার করেছে আইএস-খোরাসান। সহিংসতায় শত শত মানুষ হতাহত হয়েছেন যাদের বেশিরভাগই সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের সদস্য।

জবাবে তালিবান, সন্ত্রাসবাদী হুমকি দমন করার লক্ষ্যে সন্দেহভাজন আইএস-খোরাসানের আস্তানাগুলিতে অভিযান শুরু করেছে।

বুধবার তালিবান গোয়েন্দা সংস্থার একজন মুখপাত্র কাবুলে সাংবাদিকদের জানান তাদের সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে প্রধান কমান্ডার সহ আইএস-খোরাসানের ৬০০ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় ৪০ জনকে হত্যা করা হয়েছে।

আফগানিস্তানে আইএস জঙ্গিদের বিরুদ্ধে তালিবানের দাবী করা সাফল্যের বিষয়ে মন্তব্য চাওয়া হলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এতে সন্দেহ প্রকাশ করেন।