আফ্রিকান ফুটবল টুর্নামেন্ট দেখার লক্ষ্যে টিকা নিচ্ছে হাজারো ফুটবল ভক্ত, বলছে ক্যামেরুন

ফাইল - ক্যামেরুনের ক্লিনটন এনজি রুয়ান্ডার গোলরক্ষক অলিভার কুইজেরা এর সাথে ক্যামেরুন এবং রুয়ান্ডার মধ্যকার আফ্রিকান কাপ অফ নেশনস (AFCON) বাছাইপর্বের ম্যাচ চলাকালীন, ক্যামেরুনের ডুয়ালা, স্টেড ওমনিস্পোর্টে, বলের নিয়ন্ত্রণ নেয়ার জন্য লড়াই করছেন৷৩০ মার্চ, ২০২১। (ছবি-এএফপি)

ক্যামেরুন কর্তৃপক্ষ জানিয়েছে ৯ জানুয়ারি মহাদেশের শীর্ষ ফুটবল টুর্নামেন্ট, আফ্রিকা ফুটবল কাপ অফ নেশনস বা আফকন(AFCON)শুরু হওয়ার আগ দিয়ে কয়েক হাজার মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া হয়েছে যাতে তারা টুর্নামেন্ট উপভোগ করতে পারেন। আয়োজকরা জানিয়েছেন টিকা দেয়া সত্ত্বেও ভক্তদের স্টেডিয়ামে প্রবেশের জন্য শরীরে কোভিডের ভাইরাস নেই তা পরীক্ষার কাগজ দেখাতে হবে।

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডের মেসাসি হাসপাতালে মোটরসাইকেল ট্যাক্সি ড্রাইভাররা কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার জন্য জড়ো হচ্ছেন।

তাদের মধ্যে স্থানীয় ট্যাক্সি ড্রাইভার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ২৯ বছর বয়সী গ্যাব্রিয়েল এনডিজেও রয়েছেন।

এনডিজে বলেন তিনি আফকনের খেলাগুলো দেখতে চান এবং তা উপভোগ করার এটি একমাত্র উপায়।

"আমি এই কারণে ভ্যাকসিন নিচ্ছি না যে আমি এটিতে বিশ্বাস করি। আমার প্রধান সমস্যা হল মাঠে যাওয়া , সেনেগালের সাদিও মানে, মিশরের মোহাম্মদ সালাহ এবং ইউরোপে খেলে এমন যে সমস্ত স্ট্রাইকার রয়েছে তাদের কাছ থেকে দেখা। আমি তাদের সম্পর্কে শুনেছি কিন্তু তাদের দেখিনি। এটি আমার জন্য ভ্যাকসিন নেওয়ার একটি সুযোগ। তারপর তাদের দেখতে মাঠে যাওয়া"। তিনি জানান এখন বেশিরভাগ মানুষ শুধু নেশনস কাপের কারণে এই ভ্যাকসিন নিচ্ছেন।

এনডিজে জানান ট্যাক্সি ড্রাইভার অ্যাসোসিয়েশন এমন সদস্যদের উৎসাহিত করছে যারা আফকনের খেলাগুলি দেখতে চায়, তারা যেন স্বেচ্ছায় কোভিড-১৯ ভ্যাকসিন নেয়।

তিনি জানান কমপক্ষে ৩০০ মোটরসাইকেল ট্যাক্সি আরোহীকে টিকা দেওয়া হয়েছে।

হোটেল, রেস্তোরাঁ এবং বাস কোম্পানিগুলিও তাদের কর্মীদের টিকা নিতে অনুরোধ করছে যাতে তারা ক্যামেরুনে আফকনের খেলা দেখতে আসা হাজার হাজার লোকের সঙ্গে চলাফেরা করতে পারে।

ভক্তদেরও টিকা নিতে হবে। গত মাসে ক্যামেরুনের সরকার জানিয়েছে স্টেডিয়ামে প্রবেশের জন্য টিকা কার্ড দেখাতে হবে।