ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশের জবাবে নেটোর "ঐক্যবদ্ধ" অবস্থানের আহ্বান জানালেন ব্লিংকেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন পররাষ্ট্র দপ্তরে বছর শেষে সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দিচ্ছেন। ২১ ডিসেম্বর ২০২১। (ছবি-এপি/এভেলিন হকস্টাইন)

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার পূর্ব ইওরোপের নেটো মিত্রদের সঙ্গে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক অবস্থান সম্পর্কে কথা বলেছেন। তিনি এ বিষয়ে নেটোর "ঐক্যবদ্ধ" অবস্থানের আহ্বান জানিয়েছেন।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইসের মতে বুখারেস্ট নাইন নামে পরিচিত নয়টি পূর্ব নেটো দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে সোমবার এক টেলিফোন আলাপে ব্লিংকেন বলেন, "বাধা, প্রতিরোধ ও সংলাপের মাধ্যমে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র তার সমস্ত ট্রান্সআটলান্টিক মিত্র এবং অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শ এবং সমন্বয় করতে প্রতিশ্রুতিবদ্ধ"।

প্রাইসের মতে ব্লিংকেন "মিত্রদের সম্মিলিত প্রতিরোধের জন্য একটি ঐক্যবদ্ধ, প্রস্তুত এবং দৃঢ় নেটো অবস্থানের" আহ্বান জানিয়েছেন।

এছাড়াও, ব্লিংকেন নেটোর ধারা ৫ (আর্টিকেল ৫)-এর প্রতি "যুক্তরাষ্ট্রের অটুট প্রতিশ্রুতির ওপর জোর দেন।" দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গঠিত নেটোর এই ধারা ৫, সাত দশকের পুরনো সামরিক জোটের যে কোনো সদস্যের যৌথ প্রতিরক্ষার আহ্বান জানায়।

ইউক্রেন নেটোর সদস্য নয় কিন্তু এক দশকেরও বেশি সময় ধরে জোটে যোগদানের আবেদন করেছে যা রাশিয়াকে ক্ষুব্ধ করেছে।

রাশিয়া দাবি করে আসছে যে নেটো ইউক্রেনের সদস্যপদের আবেদন প্রত্যাখ্যান করবে এবং মধ্য ও পূর্ব ইউরোপে তাদের উপস্থিতি কমিয়ে দেবে।

রবিবার এক ফোন আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেন যে রাশিয়া যদি ইউক্রেনে আরও আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা "সুস্পষ্ট প্রতিক্রিয়া জানাবে"।

রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপ দখল করে যার বিরুদ্ধে পশ্চিমারা প্রতিবাদ করে এবং নিষেধাজ্ঞা আরোপ করে।

বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় ইউক্রেন-রাশিয়া সীমান্তে মোতায়েন প্রায় এক লক্ষ রুশ সৈন্য প্রত্যাহার বিষয়ে খুব সামান্যই এগোতে পেরেছেন।যদিও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন তারা বিশ্বাস করেন না যে পুতিন ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছেন।