উত্তর কোরিয়া এ বছর তৃতীয় আরেকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো

দক্ষিণ কোরিয়ার সিউলের একটি ট্রেন স্টেশনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে রিপোর্ট করা একটি সংবাদ দেখছে লোকেরা৷১২ জানুয়ারি ২০২২। (ছবি-এপি/লি জিন-ম্যান)

দক্ষিণ কোরিয়া শুক্রবার জানিয়েছে, উত্তর কোরিয়া আরো দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।এ নিয়ে নতুন বছরে পিয়ংইয়ং তৃতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো।

আগের দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রক "কঠোর" পদক্ষেপের বিষয়ে সতর্ক করার কয়েক ঘণ্টা পর এই তৃতীয় উৎক্ষেপণটি করা হয়।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী, যারা এই ধরনের উৎক্ষেপণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে, জানিয়েছে যে উত্তর কোরিয়া শুক্রবার বিকেলে উত্তর পিয়ংগান প্রদেশ থেকে ধারণা করা হচ্ছে দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এর আগে, জাপানের কিয়োডো সংবাদ সংস্থা জানিয়েছে একক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে যেটি জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়ে।

জাপান এবং দক্ষিণ কোরিয়ার তথ্যের মধ্যে পার্থক্যের কারণ অস্পষ্ট।

উত্তর কোরিয়া গত ১০ দিনের মধ্যে তিনটি পৃথক উৎক্ষেপণে চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এই ঘটনা ২০১৭ সালের কথা মনে করিয়ে দেয় যখন যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সম্পর্ক সবচেয়ে খারাপ পর্যায়ে ছিল।

আগের দুটি পরীক্ষায় উত্তর কোরিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে। যদিও প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যে উত্তর কোরিয়া এই ক্ষেত্রে তার সক্ষমতার কথা বাড়িয়ে বলছে। এই ধরনের অস্ত্রগুলি সম্ভবত যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার জন্য শনাক্ত করা এবং আটকানো আরও কঠিন।

শুক্রবার উত্তর কোরিয়া কোন ধরণের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তা স্পষ্ট নয়। সাধারণত, পরের দিন রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদপত্র প্রকাশ না হওয়া পর্যন্ত উত্তর কোরিয়া তার উৎক্ষেপণ সম্পর্কে কোন তথ্য দেয় না।