জনতোষণকারী রাজনীতিকরা গণতন্ত্রের জন্য হুমকি: পোপ ফ্রান্সিসের সতর্কবার্তা

গ্রীসের প্রেসিডেন্ট ক্যাটেরিনা সাকেলারোপৌলো এবং পোপ ফ্রান্সিস গ্রীসের এথেন্সের প্রেসিডেন্ট প্রাসাদে একটি অনুষ্ঠানে পৌঁছেছেন৷৪ ডিসেম্বর ২০২১। (ছবি-এপি/থিয়োডোর ম্যানোলোপোলাস)

শনিবার পোপ ফ্রান্সিস সতর্ক করে দিয়ে বলেছেন যে ইউরোপ এবং অন্যত্র জনতোষণকারী রাজনীতিকরা যারা বিশ্বের সবচেয়ে কঠিন সমস্যাগুলোর সহজ সমাধান অসন্তুষ্ট নাগরিকদের কাছে উপস্থাপন করে তাদের কারণে গণতন্ত্র হুমকির সম্মুখীন।

গণতন্ত্রের জন্মস্থান হিসাবে ব্যাপকভাবে পরিচিত গ্রীসের এথেন্স সফরের সময় পোপ এই মন্তব্য করেন। অভিবাসন-প্রার্থী এবং উদ্বাস্তুদের দুর্দশার দিকে দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে পোপের ভূমধ্যসাগরীয় ভ্রমণের দ্বিতীয় এবং শেষ গন্তব্য ছিল এটি।

প্রেসিডেন্ট প্রাসাদে এক ভাষণে ফ্রান্সিস বলেন, "আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি এবং এটি এড়িয়ে যেতে পারিনা যে কীভাবে আজ আমরা গণতন্ত্র থেকে সরে যাচ্ছি। আর এটা শুধু ইউরোপেই নয়”।

ফ্রান্সিস কোন দেশ বা বিশ্বের নেতাদের নাম উল্লেখ করেননি তবে তিনি মানুষকে সেইসব রাজনীতিকদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান যারা "জনপ্রিয়তার পিপাষু, দৃশ্যমানতার তৃষ্ণা যাদের রয়েছে, যারা অবাস্তব প্রতিশ্রুতি দেয়।"

পোপ বলেন, হাজার হাজার বছর আগে গণতন্ত্রের জন্মের কারণে ইউরোপীয় ইউনিয়নে একটি " বিশাল গণতান্ত্রিক জাতির " আবির্ভাব ঘটে। আবির্ভাব ঘটে, “ শান্তি ও ভ্রাতৃত্বের স্বপ্ন যা বহু জাতির প্রতিনিধিত্ব করে।"

তিনি বলেন করোনভাইরাস মহামারীর কারণে সৃষ্ট আর্থিক এবং অন্যান্য অসুবিধার কারণে স্বপ্নটি আরও বিপন্ন হচ্ছে। সম্ভাব্য জাতীয়তাবাদী অনুভূতিকে জাগিয়ে তুলছে এবং কর্তৃত্ববাদকে "বাধ্যতামূলক এবং জনতোষণমূলক সহজ উত্তরগুলিকে আকর্ষণীয় বলে মনে হয়।"

ফ্রান্সিস ঘোষণা করেন, "প্রতিকারটি জনপ্রিয়তার অনুসন্ধানের মধ্য দিয়ে পাওয়া যাবে না, দৃশ্যমানতার তৃষ্ণা বা অবাস্তব প্রতিশ্রুতির মধ্যে পাওয়া যাবে না ... তবে ভাল রাজনীতির মাধ্যমে পাওয়া সম্ভব।"

পোপ বলেন, শুধুমাত্র বহুপাক্ষিকতাই কার্যকরভাবে দারিদ্র্য, পরিবেশ এবং বিশ্ব সম্প্রদায়ের সামনের অন্যান্য সংকট মোকাবেলা করতে পারে।

তিনি বলেন, "রাজনীতির এটাই প্রয়োজন, ব্যক্তিগত স্বার্থের উপরে সকলের চাহিদাকে স্থান দেওয়া। "

(এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে)