জলবায়ু সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন প্রতিপক্ষদের কঠোর সমালোচনা করলেন 

প্রেসিডেন্ট জো বাইডেন সালের ব্রিটেনের স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে (COP26) বক্তৃতা দিচ্ছেন।২ নভেম্বর ২০২১। (ছবি-রয়টার্স/ ইভান ভুচি)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার গ্লাসগোতে কপ-২৬ সম্মেলনে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ব্যাপক, উচ্চাভিলাষী একটি ঘোষণা করেছেন। বাইডেন, তার প্রতিপক্ষ যারা তাদের কাজটি ঠিকমত করছেন না, তাদের কঠোর সমালোচনা করেছেন। ১০০টিরও বেশি দেশের নেতা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-২৬ এ তাদের দ্বিতীয় এবং শেষ দিনের আলোচনার জন্য মিলিত হয়েছিলেন।

মঙ্গলবার বাইডেন প্রশাসন ঘোষণা করেছে যে তারা ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধ করতে এবং ২০ কোটি হেক্টর বন ও অন্যান্য বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করার জন্য একটি যুগান্তকারী চুক্তিতে স্বাক্ষর করার জন্য অন্যান্য অংশগ্রহণকারীদের সঙ্গে যোগ দেবে। এছাড়াও, বাইডেন একটি পরিকল্পনার কথা উল্লেখ করেন যেখানে মিথেন নির্গমন কমাতে জ্বালানি, কৃষি, পরিবহন, আবাসন ও নগর উন্নয়ন এবং অভ্যন্তরীণ বিভাগগুলি সহ যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন খাতকে একত্রিত করবে।

তবে এই অর্জনগুলির প্রশংসা করার সঙ্গে সঙ্গে, বাইডেন সেই দুই নেতাকেও আক্রমণ করেন যারা সশরীরে কপ-২৬ সম্মেলনে যোগ দেননি: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বাইডেন বলেন, "বলতে গেলে আমি মনে করি চীনের জন্য এটি একটি বড় ভুল হয়েছে।এই সম্মেলনে সশরীরে উপস্থিত না থাকা তাদের ওপরই বর্তাবে।বাকি বিশ্ব চীনের দিকে তাকাবে এবং বলবে, 'তারা কী মূল্য যুক্ত করছে?' বিশ্বজুড়ে এবং এখানে কপ সম্মেলনে-এ সমস্ত লোককে প্রভাবিত করার সুযোগ হারিয়েছে চীন। একই কথা আমি রাশিয়ার ক্ষেত্রেও বলবো।"

এই বছরের শীর্ষ সম্মেলন, যেটি ১২ নভেম্বর পর্যন্ত চলবে, একটি আইনত বাধ্যতামূলক চুক্তির ভিত্তিতে তৈরি করা, যেখানে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন সহ ১৯৬টি দল ছয় বছর আগে প্যারিসে স্বাক্ষর করেছিল।এই আন্তর্জাতিক চুক্তি সেই দেশগুলিকে নির্গমন কমাতে প্রতিশ্রুতিবদ্ধ করে যার লক্ষ্য হচ্ছে গ্রহের উষ্ণতাকে শিল্প যুগের আগের স্তরের চাইতে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি পর্যন্ত সীমাবদ্ধ রাখা।