বর্তমান শিরোপাধারী ওয়েস্ট ইন্ডিজ সুপার ১২ পর্বে টানা দ্বিতীয় পরাজয়ের পর মনে করা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তারা তাড়াতাড়ি বিদায় নিতে পারে।
উইকেটরক্ষক কুইন্টন ডি ককের বিতর্কিত প্রত্যাহারকে পাশে রেখেই দুবাই এ দক্ষিণ আফ্রিকা খুব সহজেই ৮ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়লাভ করে।দুবাই এ খেলা শুরুর আগে উইকেটরক্ষক কুইন্টন ডি কককে ‘টেক এ নি’ করতে দলের পক্ষ থেকে নির্দেশ দেয়া হলে তিনি তা অমান্য করেন। এর প্রতিবাদে তাকে ঐ ম্যাচের জন্য দল থেকে বাদ দেয়া হয়।
‘টেক এ নি’ অর্থাৎ বর্ণ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে খেলোয়াড়রা হাঁটু গেড়ে বসেন যখন দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে এভিন লুইস সর্বোচ্চ ৫৬ রান করেন। ডোয়াইন প্রিটোরিয়াস শেষ ওভারগুলোতে তিনটি উইকেট নিয়ে ওয়েস্ট উইন্ডিজকে ৮ উইকেটে ১৪৩ রানের মধ্যে সীমাবদ্ধ রাখতে সহায়তা করেন।
দক্ষিণ আফ্রিকা ১০ বল বাকি থাকতেই ২ উইকেটে ১৪৪ রানের টার্গেট সংগ্রহ করে।এইডেন মার্করাম তার পঞ্চম টি-টোয়েন্টি অর্ধশতক সংগ্রহ করেন।
মার্করাম চারটি ছক্কা এবং দুটি চারের সাহায্যে ২৬ বলে অপরাজিত ৫১ রান করেন। তিনি তৃতীয় উইকেটে রাসি ভ্যান ডের ডুসেনের সঙ্গে ৮৩ রানের অপরাজিত জুটি গড়েন।
সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে হলে ওয়েস্ট ইন্ডিজকে এখন তাদের গ্রুপ ১-এর শেষ তিনটি ম্যাচ জিততে হবে।