একদিনের আকস্মিক সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের পাঁচ জন বিধায়ক শুক্রবার সকালে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে দেখা করেছেন। এই সফরের উদ্দেশ্য হচ্ছে ঐ স্ব-শাসিত দ্বীপে যুক্তরাষ্ট্রের শক্ত সমর্থন পুনর্নিশ্চিত করা।
তাইওয়ানে ডি ফ্যাক্টো দূতাবাস, আমেরিকান ইনস্টিটিউট জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের দ্বি-দলীয় বিধায়কদের একটি দল বৃহস্পতিবার রাতে তাইওয়ানে পৌঁছেছে। তারা সাই সহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন। ঐ বিধায়কদের ভ্রমণসূচী সম্পর্কে আর বিস্তারিত কোন তথ্য জানানো হয়নি।
তাইওয়ান এবং চীনের মধ্যে উত্তেজনা যখন কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে , ঠিক সেই সময়ে এই সফরে গেলেন বিধায়করা।১৯৪৯ সালে গৃহযুদ্ধের সময় দুই পক্ষের বিভক্ত হওয়ার পর থেকে তাইওয়ান স্ব-শাসিত অঞ্চল হিসেবেই রয়েছে। তবে চীন দ্বীপটিকে তার নিজস্ব ভূখণ্ডের অংশ হিসাবে বিবেচনা করে।
মিশিগানের ডেমোক্র্যাট প্রতিনিধি এলিসা স্লটকিন, যিনি প্রতিনিধি দলের একজন সদস্য, টুইটারে লিখেছেন "গতকাল যখন আমাদের ভ্রমণের খবর ছড়িয়ে পড়ে, তখন আমার অফিস চীনের দূতাবাস থেকে একটি বার্তা পায় যেখানে স্পষ্ট করে আমাকে এই সফর বাতিল করতে বলা হয়েছে।"
সফরকারী প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি মার্ক টাকানো; টেক্সাসের ডেমোক্র্যাট প্রতিনিধি কলিন অলরেড; ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি সারা জ্যাকবস; এবং সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান প্রতিনিধি ন্যান্সি মেস।
টাকানো বলেন, " দুই বছর কঠিন চেষ্টার পর আমরা এই সপ্তাহে তাইওয়ানে এসেছি আমাদের অংশীদার এবং মিত্রদের মনে করিয়ে দিতে যে একটি মুক্ত ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের অঙ্গীকার ও আমাদের অভিন্ন দায়িত্ব আগের চেয়ে আরও দৃঢ় হয়েছে।"
টাকানো আরও বলেন তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক "রক সলিড" বা সুদৃঢ় এবং আমাদের মধ্যে সম্পর্ক গভীর হওয়ার সঙ্গে সঙ্গে আরও অবিচল হয়েছে।"
তাইপেইতে প্রেসিডেন্টের অফিসে বিধায়কদের এবং আমেরিকান ইনস্টিটিউটের পরিচালককে স্বাগত জানিয়ে সাই যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বীপটির ঘনিষ্ঠ সম্পর্ক পুনরুল্লেখ করে প্রবীণদের বিষয়, অর্থনৈতিক সমস্যা এবং বাণিজ্যে দুই পক্ষের সহযোগিতার কথা উল্লেখ করেন।