দলিত ও সমতল ভূমির আদিবাসীদের ২০২১ সালের জনশুমারিতে অন্তর্ভুক্তির দাবী

সিরডাপ মিলনায়তনে ক্রিয়েটিভ মিডিয়া লি. এবং হেকস ইপার আয়োজিত  ‘দলিত ও সমতলে বসবাসরত আদিবাসীদের জনশুমারী ২০২১ এ অন্তর্ভুক্তি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বক্তারা। ১০ নভেম্বর ২০২১।

দলিত এবং সমতল ভূমির আদিবাসীদের ২০২১ সালের বাংলাদেশের জনশুমারিতে অন্তর্ভুক্তির দাবী জানানো হয়েছে।

বুধবার সিরডাপ মিলনায়তনে ক্রিয়েটিভ মিডিয়া লি. এবং হেকস ইপার আয়োজিত ‘দলিত ও সমতলে বসবাসরত আদিবাসীদের জনশুমারী ২০২১ এ অন্তর্ভুক্তি’ শীর্ষক আলোচনা সভা থেকে এ দাবী জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাত বলেছেন, "আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠি একটি অপমানজনক শব্দ। মানুষকে খাটো করা ঠিক না। সংবিধান মতে- এদেশে জনগণই প্রজাতন্ত্রের মালিক।"

দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন তার বক্তব্যে বলেন, "আমাদের দেশের দলিত এবং "অচ্ছুৎ" বা আদিবাসী মানুষদের বিষয়ে লেখালেখি অনেক কম, তাই আমি আজকে খুব অপরাধবোধে ভুগছি। এখানে এসে সকলের বক্তব্য শুনে মনে হচ্ছে কত হাবিজাবি বিষয় নিয়ে লিখেছি, আসল কাজতো করাই হয়নি।" ভবিষ্যতে দলিত এবং "অচ্ছুৎ" বা আদিবাসী মানুষদের বিষয়ে লেখার বিষয়ে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বলেন, "আমাদের সমাজে যারা, বঞ্চিত ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা আদিবাসী রয়েছে, তাদেরকে আমরা যত বেশি বিভিন্ন কর্মক্ষেত্রে সম্পৃক্ত করতে পারবো, ততোই তারা তাদের সংকটের উত্তরণ ঘটাবে।"

সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, "আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসীরা এমনিতেই অবহেলিত-বঞ্চিত, সেখানে সমতলের আদিবাসীরা আরও বেশি অবহেলিত এবং বঞ্চিত। দলিত এবং সমতলের আদিবাসী জনশুমারিতে যেন বঞ্চিত না হয়, সে বিষয়ে যার যার অবস্থান থেকে জোরালোভাবে ভূমিকা রাখতে হবে।"

অধ্যাপক এমএম আকাশ বলেন, "আদিবাসীদের বাদ দিয়ে সমীক্ষা করা হলে প্রকৃত চিত্র উঠে আসবে না।"

অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, "এসব অনুষ্ঠানে দলিত ও অধিবাসী প্রতিনিধি ছাড়া আমরা যতই আলোচনা করি লাভ হবে না। এসব অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে। অধিবাসীদের কথা, তাদের নিজেদেরকেই বলতে দিতে হবে। গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দলিত এবং আদিবাসীদের কথা তুলে ধরার ব্যবস্থা করতে হবে। তাদের সমস্যা ও দাবী দাওয়া তারাই ভালো করে বলতে পারবে।"

আলোচনা সভায় বক্তারা দলিত এবং আদিবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি তাদেরকে দেশের মূলধারার জনগণের সঙ্গে কর্মক্ষেত্র এবং অন্যান্য ক্ষেত্রে সম্পৃক্ত করতে জনশুমারিতে তাদেরকে অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও আলোচনা করেন, অধ্যাপক এম এম আকাশ, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, পিযুষ বন্ধোপাধ্যায়, সাংবাদিক এবং কলামিস্ট সুভাস সিংহ রায়, অধ্যাপক সাদেকা হালিম ও অধ্যাপক রাসেদ আল মামুন।

আলোচনা সভাটি পরিচালনা করেন ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান সাংবাদিক সৈয়দ বোরহান কবীর।

(নঈম নিজাম ও বাংলা নিউজ 24-এর তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।)