পাকিস্তানে পোলিও টিকা দেয়ার সময় একজন পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা

ফাইল - পাকিস্তানে পোলিও বিরোধী প্রচারাভিযানের সময় টিকাদাতাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। ২০ জুলাই, ২০২০।(ছবি-রয়টার্স/ আখতার সুমরো)

উত্তর-পশ্চিম পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন শনিবার জঙ্গিরা পোলিও টিকা দেয়ার সময় একজন পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করেছে এবং অন্য একজনকে গুরুতর আহত করেছে।

প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র জানান, আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি প্রত্যন্ত জেলা ট্যাঙ্কে এই হামলাটি করা হয় ৬৫ লক্ষ শিশুকে পোলিও ভাইরাসের পাঁচ দিনের টিকা কার্যক্রমের সময়

স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, আততায়ীরা মোটরসাইকেলে চড়ে পোলিও নিরাপত্তা দলকে লক্ষ্য করে হামলা করে। তবে এই ঘটনায় কোনো স্বাস্থ্যকর্মী আহত হয়নি।

নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান যারা পাকিস্তানি তালিবান হিসেবে পরিচিত, এই হামলার দায় স্বীকার করেছে। তাদের মুখপাত্র, মুহাম্মাদ খুরাসানি দাবি করেছেন যে এই হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। তবে এই দলটি বাড়িয়ে বলার ব্যাপারে কুখ্যাত।

টিটিপি পাকিস্তান সরকারের সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতি প্রত্যাহার করার দুই দিন পর শনিবার এই সহিংসতার ঘটনা ঘটে। পাকিস্তান সরকারের বিরুদ্ধে এই চুক্তির শর্তাবলী সম্মান না করার অভিযোগ করেছে টিটিপি পাকিস্তান।

পোলিও টিকাদান কার্যক্রমকে তাদের উপর গুপ্তচরবৃত্তির একটি সরকারী হাতিয়ার হিসাবে ব্যবহারের নিন্দা করেছে টিটিপি। পাকিস্তানের কিছু ইসলামী দল টিকাটিকে মুসলিম শিশুদের নির্বীজ করার পশ্চিমা ষড়যন্ত্র হিসাবে দেখে।

আফগানিস্তান এবং পাকিস্তান এই দুটি দেশে পোলিও ভাইরাস এখনও শিশুদের সংক্রামিত করে এবং পঙ্গু করে দেয়।