পুনরায় সংলাপ শুরুর যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন উত্তর কোরিয়ার কিম

দক্ষিণ কোরিয়ার পাজুতে একীকরণ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উত্তর কোরিয়ার সামরিক প্রহরী চৌকির পিছনে উত্তর কোরিয়ার কাইপুং শহরটি দেক্ষা যাচ্ছে। ২৮ সেপ্টেম্বর ২০২১।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পুনরায় সংলাপ শুরু করার যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কিন্তু বলেছেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে তাঁর কোন আপত্তি নেই।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমে প্রকাশিত এক বক্তৃতায় কিম বলেন, যুক্তরাষ্ট্র আলোচনার যে ইচ্ছা প্রকাশ করেছে তা ওয়াশিংটনের "বৈরী নীতি" কে আড়াল করার জন্য “লোক দেখানোর বিষয়” মাত্র।

কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুসারে, কিম বলেন, " আমাদের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি এবং বৈরী নীতিতে কোন পরিবর্তন নেই, বরং তাদের অভিব্যক্তি এবং পদ্ধতিগুলি আরও চতুর হয়ে উঠেছে।"

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন উত্তর কোরিয়াকে ২০১৯ সালে স্থগিত হওয়া দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করার জন্য বারবার আহ্বান জানিয়েছে।

কিমের বক্তব্যের জবাবে পররাষ্ট্র দফতর ভিওএর কোরিয়ান বিভাগকে পাঠানো একটি ইমেইলে জোর দিয়ে বলেছে যে উত্তর কোরিয়া যার সরকারি নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া, সে দেশটির প্রতি যুক্তরাষ্ট্র "কোন শত্রুতাপূর্ণ উদ্দেশ্য পোষণ করে না",

যুক্তরাষ্ট্রের ঐ বিবৃতিতে বলা হয়, "আমাদের নীতি একটি বাস্তবোচিত ও সামঞ্জস্যপূর্ণ পন্থার কথা বলে । এই উন্মুক্ত নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্র, তাদের মিত্র ও মোতায়েন করা বাহিনীর নিরাপত্তা বৃদ্ধি করার বাস্তব অগ্রগতির জন্যই উত্তর কোরিয়ার(DPRK)সঙ্গে কূটনীতির সম্ভাবনা খতিয়ে দেখবে।আমরা কোন রকম শর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠক করতে চাই।আমরা আশা করছি উত্তর কোরিয়া(DPRK)ইতিবাচক সাড়া দেবে।"

বুধবার কিম তার বক্তৃতা দেন এবং ঐ একই দিন উত্তর কোরিয়া তার সর্বসাম্প্রতিক অস্ত্র পরীক্ষার ব্যাপারে বিস্তারিত ঘোষণা করে যার মধ্যে একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র-প্রতিরক্ষাকে পাশ কাটিয়ে যেতে পারে।

এই মাসে উত্তর কোরিয়া তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যদিও তারা ইঙ্গিত দিচ্ছে যে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংলাপের জন্য তারা প্রস্তুত।