প্যারিসে আর্মিস্টিস ডে স্মরণ অনুষ্ঠানে শ্রদ্ধা জানালেন ইম্যানুয়েল ম্যাক্রোঁ ও কামালা হ্যারিস

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ প্যারিসে আর্মিস্টিস ডে স্মরণ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে কথা বলেছেন৷১১ নভেম্বর ২০২১। (ছবি-এপি/লুডোভিচ মারিন)

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার প্যারিসে আর্মিস্টিস ডে স্মরণে নাম না জানা অগণিত সৈনিকদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস আর্ক ডি ট্রায়মফের ঐ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।

১৯১৮ সালে প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধ শেষ করার জন্য মিত্রশক্তি এবং জার্মানির মধ্যে চুক্তি করা হয়। ঐ দিনটিকে স্মরণ করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন এই অনুষ্ঠানটির মাধ্যমে যুদ্ধে মারা যাওয়া ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সৈন্যদের প্রতি সম্মান জানানোর একটি সুযোগ পাওয়া গিয়েছে।

এর আগে বুধবার হ্যারিস এবং তার স্বামী ডগ এমহফ আর্মিস্টিস ডে এবং বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ভেটেরান্স ডে উপলক্ষে প্যারিসের বাইরে সুরেসনেস আমেরিকান কবরস্থান ও স্মৃতিসৌধতে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নেন। উভয় বিশ্বযুদ্ধে নিহত আমেরিকান সৈন্য সদস্যদের সম্মান জানানোর জন্য ঐ স্থানটি নির্মাণ করা হয়েছে এবং সেখানে প্রায় ১৬০০ আমেরিকানের দেহাবশেষ রয়েছে।

দীর্ঘদিনের দুই মিত্রের মধ্যে তিক্ত সম্পর্ক ভালো করার প্রচেষ্টার অংশ হিসেবে হ্যারিস ফ্রান্স সফর করছেন। বুধবার এলিসি প্যালেসে সাক্ষাতের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হ্যারিস এবং ম্যাক্রোঁ। তারা উভয়েই এই সুযোগটিকে সহযোগিতা ও একটি "নতুন যুগের" সূচনা হিসেবে বর্ণনা করেছেন।

হ্যারিস বলেন, "আমি আগামী কয়েক দিনের অপেক্ষায় রয়েছি যেখানে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব। আমাদের অংশীদারিত্ব, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও বিশ্বের জনগণের সুবিধার প্রতি আমাদের সর্বদা যে লক্ষ্য ছিল সেটিকে নতুন রূপ দেব।

হ্যারিসের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং প্রধান মুখপাত্র সিমোন স্যান্ডার্স এক বিবৃতিতে বলেছেন ম্যাক্রোঁ এবং হ্যারিস ট্রান্সআটলান্টিক নিরাপত্তা, মহাকাশ অনুসন্ধান এবং ভবিষ্যতের মহামারী মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়ে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন।

হ্যারিস বৃহস্পতিবার প্যারিস পিস ফোরামে বক্তৃতা দেবেন। আগামী মাসে লিবিয়ার নির্বাচনের আগে শুক্রবার সেখানে একটি শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন।