ফিলিপাইনে টাইফুনের আঘাতে মৃতের সংখ্যা  ১৪৬  

ফিলিপাইনে টাইফুন রাইয়ের আঘাতে বিধ্বস্ত দ্বীপাঞ্চলের একটি বাড়ির অধিবাসীরা ধংস্তুপের পাশে জড়ো হয়েছেন। ১৮ই ডিসেম্বর ২০২১। (ছবি- এএফপি)

ফিলিপাইনে এ বছর ঘটে যাওয়া সবচেয়ে শক্তিশালী টাইফুনে অন্তত ১৪৬ জন মারা গেছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। তারা জানান রবিবার ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত দ্বীপগুলোতে খাদ্য ও পানি সরবরাহ বৃদ্ধি করা হয়েছে।

দীপপুঞ্জের দক্ষিণ এবং মধ্যাঞ্চলে টাইফুন রাইয়ের তাণ্ডবে তিন লাখেরও বেশি মানুষ ঘরবাড়ী এবং তাদের সমুদ্র তীরবর্তী রিসোর্ট ছেড়ে নিরাপদ জায়গায় সরে গেছেন। ঘূর্ণিঝড়ে বহু এলাকায় যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। বাড়িঘরের ছাদ পড়ে গেছে, কংক্রিটের বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, গ্রামের পর গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। জনপ্রিয় পর্যটন শহর বহলের গভর্নর আরথার ইয়াপ তাঁর অফিসিয়াল ফেসবুক পাতায় বলেন ক্ষতিগ্রস্থ দ্বীপগুলোর মেয়ররা মোট ৪৯ জন নিহত হবার খবর দিয়েছেন। ঘূর্ণিঝড়ে দীপপুঞ্জের সবচেয়ে বিধ্বস্ত এলাকাগুলোতে হাজার হাজার সেনা সদস্য, পুলিশ, কোস্ট গার্ড এবং সরকারি কর্মকর্তা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন। সিয়ারগাও, দিনাগাত এবং মিন্দানাও দ্বীপে রাই টাইফুনের আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে। দিনাগাত গভর্নর আরলেন বাগ-আও শনিবার বলেছেন ২০১৩ সালে সুপার টাইফুন হাইয়ানে যে পরিমাণ ক্ষতি হয়েছিল, রাইয়ের আঘাতে তাঁদের দ্বীপের অবস্থা 'তার চাইতে আরো খারাপ বা নিদেনপক্ষে অন্ততঃ সমপরিমাণ খারাপ' মনে হচ্ছে। ততোটা মারাত্মক ক্ষতি না হলেও উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি হয়েছে।

প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে শনিবার ঐ অঞ্চল সফরে যান এবং ৪০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেন। তিনি দক্ষিণ লেইতে প্রদেশে তাঁর জন্মের শহর ম্যাসিনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। হাইয়ান, ফিলিপাইনে যাকে ইয়লান্দা বলা হতো, দেশটির ইতিহাসে সবচেয়ে মারাত্মক সাইক্লোন যাতে ৭,৩০০ জন মারা যান বা নিখোঁজ হন।

ঘূর্ণিঝড় রাই শনিবার দক্ষিণ চায়না সাগর হয়ে ভিয়েতনামের দিকে যাচ্ছে।