ব্রিটেনের নাবিকরা একটি নতুন চুক্তি অনুযায়ী কানাডার উপকূল রক্ষীবাহিনীর আইসব্রেকারদের কাছ থেকে বরফ ভাঙ্গার প্রশিক্ষণ নেবে। উত্তর মেরুতে আরও শক্তিশালী সামরিক সক্ষমতা বাড়ানোর প্রতি ব্রিটেনের আগ্রহের প্রতিফলন এই চুক্তি।
জলবায়ু পরিবর্তনের কারণে ঐ অঞ্চলে নৌচালনা ও সম্পদের নানা ব্যবহারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। ব্রিটেন হল সর্বশেষ দেশ যারা এখন সুদূর উত্তরের দিকে মনোযোগ দিয়েছে। চীন, তুরস্ক এবং ভারতের মতো ভিন্ন ভিন্ন দূরের দেশও ঐ অঞ্চলের দিকে নজর রাখছে।
এই মাসের শুরুর দিকে স্বাক্ষর করা ইউকে-কানাডা চুক্তি অনুযায়ী ব্রিটিশ নাবিকরা কানাডার ২০টি কোস্ট গার্ড আইসব্রেকারকে প্রশিক্ষণ দেবে, যারা উত্তর মেরুতে বরফে ঢাকা পথ অন্য জাহাজগুলির যাতায়াতের জন্য পরিস্কার করে দেবে।
রয়্যাল নেভি এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, "কানাডার কোস্ট গার্ডের বিস্তৃত অভিজ্ঞতা এবং দক্ষতা ভাগ করে নেওয়ার অর্থ হবে ব্রিটেনের নাবিকরা হিমায়িত অঞ্চলে যখন যাত্রা করবে তখন তারা আরও ভালভাবে প্রস্তুত থাকবে।
কানাডার কোস্ট গার্ড কমিশনারের এক বিবৃতি অনুসারে রয়্যাল নেভির "কর্ম পরিচালনার অভিজ্ঞতা এবং দক্ষতা" থেকে তারাও উপকৃত হওয়ার আশা করছে।