মডার্না বলছে তাদের তৈরি টিকা ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য নিরাপদ

ফাইল ছবি -নিউ ব্রান্সউইকের রুটগার্স ইউনিভার্সিটিতে ফাইজারের টিকা নিচ্ছে মায়া হুবার। ২০ সেপ্টেম্বর ২০২১। (ছবি-এপি/নিশা গান্ধী)

যুক্তরাষ্ট্র ভিত্তিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্না জানিয়েছে ক্লিনিকাল ট্রায়ালে দেখা গেছে যে ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য কম ডোজের করোনা টিকা নিরাপদ।

সংস্থাটি বলেছে যে তারা প্রায় ২৮ দিনের ব্যবধানে ৪,৭০০-র বেশি শিশুকে দুই ডোজ টিকা দিয়েছে। প্রতিটি ডোজে প্রাপ্তবয়স্কদের দেয়া টিকার শক্তির প্রায় অর্ধেক রয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে যে পূর্ণ টিকা গ্রহণের পর তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে ঐ একই রোগ প্রতিরোধ ক্ষমতা শিশুদের মধ্যেও তৈরি হয়েছে।

মডার্না জানিয়েছে যে শিশুরা ভ্যাকসিনের হালকা পার্শ্বপ্রতিক্রিয়া যেমন ক্লান্তি, মাথাব্যথা, জ্বর এবং ইনজেকশনের জায়গায় ব্যথা অনুভব করেছে। মায়োকার্ডাইটিস, হৃৎপিণ্ডের প্রদাহের মতো বিরল পার্শ্ব প্রতিক্রিয়া সনাক্ত করার জন্য পরীক্ষা করার সুযোগ খুব কম ছিল। মায়োকার্ডাইটিস বেশিরভাগ কিশোর ও যুবকদের মধ্যে সনাক্ত করা হয়েছে যারা মডার্না বা ফাইজারের টিকা গ্রহণ করেছে।

সমীক্ষাটি এখনো কোন গবেষণা ভিত্তিক পত্রিকায় প্রকাশিত হয়নি, তবে মডার্না জানিয়েছে যে এটি শীঘ্রই যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এবং অন্যান্য বিশ্বব্যাপী ওষুধ নিয়ন্ত্রকদের কাছে এই ফলাফল পাঠাবে।যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন মঙ্গলবার ফাইজার এবং তাদের জার্মানি-ভিত্তিক অংশীদার, বায়োএনটেক-এর ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য টিকা দেওয়ার জন্য একটি আবেদন পর্যালোচনা করতে বৈঠক করছে৷