মারা গেলেন ভারতের নারী আন্দোলনের পথিকৃৎ কামলা ভাসিন   

নারী আন্দোলনের পথিকৃৎ কামলা ভাসিন 

বিশিষ্ট ভারতীয় নারী-অধিকার কর্মী, কবি ও লেখিকা কামলা ভাসিন শনিবার ভোরে মারা গিয়েছেন। বয়স হয়েছিল ৭৫ বছর। কিছুদিন হল তিনি ক্যান্সারে ভুগছিলেন।

কামলা ভাসিন শুধুমাত্র নারী অধিকার নিয়েই লড়াই করেননি। সমাজের যত নিপীড়িত, দলিত, নারী-পুরুষ নির্বিশেষে সকলের হয়েই আওয়াজ তুলেছেন।তবে তার মধ্যে সবচেয়ে উচ্চকিত স্বর ছিল 'আজাদি'- স্বাধীনতা। পুরুষতান্ত্রিক দমন-পীড়ন থেকে মেয়েদের মুক্তির দাবিতে আন্দোলন।

এই আন্দোলন তিনি শুধু ভারতে নয়, দক্ষিণ এশিয়ায় আরও কিছু দেশে, বিশেষ করে পাকিস্তানে ছড়িয়ে দিয়েছিলেন।তিনি একবার বলেছেন, পাকিস্তানে যখন সামরিক একনায়ক জেনারেল জিয়াউল হকের শাসন চলছে, তখনও সেখানকার নারীরা সাহসিকতার সঙ্গে আজাদি চেয়ে বিক্ষোভ দেখিয়েছেন। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে কামলা ভাসিন তাঁর আন্দোলনে সবার চেয়ে ওপরে জায়গা দিয়েছেন আজাদি শব্দটিকে।

তাঁর সঙ্গে যাঁরা মিশেছেন তাঁরা জানেন, কামলা ভাসিনের হৃদয় কত নরম ছিল, কথাবার্তায় কত মমতা মেশানো থাকতো। তবে নারীর অধিকার যেখানে বিপন্ন, সেখানে জোর গলায় কথা বলতে তিনি ছাড়তেন না। বলতেন, প্রতিটি নারীকে শিক্ষার আলো পেতে হবে। তা হলেই তারা নিজস্ব অধিকার অর্জন করবে।

ভারতের বিশিষ্ট বিদ্বজ্জন ও রাজনীতিবিদরা কামলা ভাসিনের মৃত্যুতে শোকাহত।