যুক্তরাষ্ট্র বলছে তারা রাশিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করতে প্রস্তুত

ওয়াশিংটন ডিসি-তে হোয়াইট হাউসের ব্র্যেডি ব্রিফিং রুমে প্রেস ব্রিফিংয়ের সময় কথা বলছেন যুক্তরাষ্ট্রের জাতীয়  নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান। ৭ ডিসেম্বর ২০২১। (ছবি-এএফপি/নিকলাস ক্যাম)

হোয়াইট হাউস সোমবার বলেছে যে যুক্তরাষ্ট্র একাধিক চ্যানেলের মাধ্যমে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করতে প্রস্তুত।তবে যুক্তরাষ্ট্র এটি স্পষ্ট করে দিয়েছে যে ইউক্রেনের সীমান্তে তাদের সামরিক অবস্থানের বিষয়ে পশ্চিমাদের যে উদ্বেগ রয়েছে তা মস্কোকে অবশ্যই সমাধান করতে হবে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র নীতি উপদেষ্টা ইউরি উশাকভের সঙ্গে কথা বলেছেন। হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্র ক্রেমলিনের সঙ্গে সরাসরি এবং নেটো -রাশিয়া় কাউন্সিলের মাধ্যমে এবং ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার মাধ্যমে কথা বলতে ইচ্ছুক ছিল।

হোয়াইট হাউস বলেছে যে সালিভান উশাকভকে বলেছেন যে "যেকোন সংলাপ অবশ্যই পারস্পরিকতার ভিত্তিতে হতে হবে এবং রাশিয়ার কর্মকাণ্ড সম্পর্কে আমাদের উদ্বেগের সমাধান করতে হবে"।

দুই সপ্তাহ আগে একটি ভার্চুয়াল সম্মেলনে , যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনকে সতর্ক করে দিয়েছিলেন যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে। মস্কো ইউক্রেনের পূর্ব সীমান্ত বরাবর হাজার হাজার সৈন্য মোতায়েন করেছেে, যদিও ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে যে তাদের ধারণা পুতিন ইউক্রেনের উপর হামলা চালানোর সিদ্ধান্ত নেবেন না।

সালিভান-উশাকভ টেলিফোন আলাপ সম্পর্কে মস্কো থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত সপ্তাহে, মস্কো নিরাপত্তা প্রস্তাবগুলি তালিকাভুক্ত করেছে যেগুলি নিয়ে তারা আলোচনা করতে চায়। এর মধ্যে একটি প্রতিশ্রুতি রয়েছে যে নেটো পূর্ব ইউরোপ এবং ইউক্রেনে কোনো সামরিক কার্যকলাপ চালাবে না।রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে বাইডেন স্থল সেনা মোতায়েনের বিষয় নাকচ করে দিয়েছেন, তবে যুক্তরাষ্ট্র কিয়েভে অস্ত্র পাঠাচ্ছে।

পেন্টাগন জানিয়েছে যে নিরাপত্তা প্যাকেজের মধ্যে রয়েছে ছোট অস্ত্র ও গোলাবারুদ এবং জ্যাভলিন মিসাইল, যা যুক্তরাষ্ট্র বলছে যে ইউক্রেনের যে কোনও জায়গায় ব্যবহার করা যেতে পারে তবে শুধুমাত্র আত্মরক্ষার উদ্দেশ্যে।