রাশিয়ার “নিরাপত্তা নিশ্চয়তা”য় যুক্তরাষ্ট্র ও মিত্রদের সহমতের সম্ভাবনা নেই : বিশেষজ্ঞবৃন্দ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সোচিতে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন।৮ ডিসেম্বর ২০২১। (ছবি-রয়টার্স/স্পুটনিক/ভ্যালেরি শারিফুলিন)

বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শুক্রবার বলেছেন, রাশিয়ার এটা আশা করা উচিত্ হবে না যে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার বিস্তৃত “ নিরাপত্তা নিশ্চয়তাসমূহের” দাবি মেনে নেবে। এই দাবির মধ্যে রয়েছে নেটোর সম্প্রসারণ বন্ধ করা এবং ইউরোপের পূর্বাঞ্চল, ককেশাস ও মধ্য এশিয়ায় জোটের সকল কার্যক্রম বন্ধ করা।

যুক্তরাষ্ট্র এবং নেটো জোটে তার মিত্ররা অবশ্য এ রকম আভাস দিয়েছেন যে তারা রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করতে পারেন বিশেষত যদি ক্রেমলিন ইউক্রেনের সীমান্ত বরাবর তার সৈন্য কমাতে রাজি হয়। সেখানে রাশিয়ার সৈন্য সমাবেশ সম্ভাব্য আক্রমণের উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

যুক্তরাষ্ট্র ও নেটো একজোড়া খসড়া চুক্তির বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিল। এই খসড়াটি প্রথমে এ সপ্তাহের গোড়ার দিকে তাদের দেওয়া হয় এবং তার পর শুক্রবার এটি সর্বসমক্ষে প্রকাশ করা হয়। এই খসড়াটি যুক্তরাষ্ট্র এবং নেটোর সঙ্গে পরামর্শ না করেই তৈরি করা হয় যাতে জোটকে এ বিষয়ে প্রতিশ্রুতি প্রদানের কথা রয়েছে যে, যে সব দেশে ১৯৯৭ সাল থেকে নেটো বাহিনী নেই, সেখানে আর কোন নেটো সৈন্য মোতায়েন করা হবে না। এই দেশগুলির মধ্যে রয়েছে পূর্ব ইউরোপীয় জোট সদস্য যেমন পোল্যান্ড, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, বল্টিক রাষ্ট্রসমূহ এবং অন্যান্য প্রাক্তন সোভিয়েট রিপাবলিক অধ্যূষিত দেশ। এই প্রস্তাবিত চুক্তিতে উভয় পক্ষকে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপনাস্ত্র মোতায়েন এবং রাশিয়ার সীমান্তের কাছে বড় রকমের সামরিক মহড়া সীমিত করতে উভয় পক্ষকে প্রতিশ্রুতিবদ্ধ হবার কথা বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র এবং নেটোর কর্মকর্তারা বলছেন যে ঐ খসড়া প্রস্তাবে জোটের জন্য কোন বড় রকমের ছাড় দেওয়া হয়নি যেমন ইউক্রেনের কাছে সৈন্য সমাবেশ কমানো কিংবা ক্রেমলিনের অন্যান্য আগ্রাসী কার্যক্রম বন্ধ করার বিষয়ে।

এক বিবৃতিতে নেটো বলেছে,“আমরা এ ব্যাপারে স্পষ্ট করে বলতে চাই যে রাশিয়ার সঙ্গে যে কোন সংলাপ হতে হবে পারস্পরিক ভিত্তিতে, রাশিয়ার কার্যক্রম সম্পর্কে নেটোর উদ্বেগের জবাব দিতে হবে, ইউরোপীয় নিরাপত্তার মৌলিক নথিপত্র এবং মূল নীতিমালার উপর ভিত্তি করে এগুতে হবে এবং নেটোর ইউরোপীয় সহযোগীদের সঙ্গে আলোচনার মাধ্যমে হতে হবে।

এই খসড়া প্রস্তাবের প্রেক্ষাপট বিষয়ক এক প্রেস ব্রিফিং ‘এ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা একই রকম ভাষায় এই আভাস দেন যে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে কথা বলতে ইচ্ছুক তবে তিনি এ কথাও বলেন যে বাইডেন প্রশাসন ইউরোপীয় অংশীদারদের উপস্থিতি ছাড়া ইউরোপে নিরাপত্তা সম্পর্কে রাশিয়ার সঙ্গে কোন রকম আপোষ রফা করবে না।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়ার দাবিগুলি সম্পর্কে বাইডেন প্রশাসন আগামি সপ্তাহে জবাব দেবার প্রস্তুতি নিচ্ছে।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জেইক সালিভান শুক্রবার কাউন্সিল অন ফরেন রিলেশানস আয়োজিত একটি অনুষ্ঠানে এক মন্তব্যে বলেন, “ রাশিয়া এখন আমেরিকান ও নেটোর কার্যক্রম সম্পর্কে তার উদ্বেগ উপস্থাপন করেছে। আমরা রাশিয়ার কর্মকান্ড সম্পর্কে আমাদের উদ্বেগও তুলে ধরবো যা কীনা আমরা মনে করি আমাদের স্বার্থ এবং মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে”। সালিভান আরও বলেন, “এটাই হচ্ছে পারস্পারিকতার ভিত্তি যার উপরে দাঁড়িয়ে আপনি যে কোন সংলাপে অংশ নিতে পারেন। আমরা কোন কোন ক্ষেত্রে অগ্রগতি সাধন করি, আবার অন্যান্য ক্ষেত্রে আমাদের দ্বিমত পোষণ করতে হতেই পারে”।