মঙ্গলবার পোল্যান্ড এবং বেলারুশ সীমান্তে, বেলারুশের দিকে অবস্থানরত এক দল অভিবাসীদের কেন্দ্র করে এই দুই দেশ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে।
পোল্যান্ড বলছে, বেশিরভাগ মধ্যপ্রাচ্য থেকে আসা অভিবাসীদের ইউরোপীয় ইউনিয়নের সদস্য পোল্যান্ডে প্রবেশের জন্য বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সরকার উৎসাহিত করছে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি টুইটারে লিখেছেন পোল্যান্ডের স্বার্থে তার সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। বেলারুশের পদক্ষেপের কারণে "পুরো ইইউর স্থিতিশীলতা এবং নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে।"
বেলারুশ এমন অভিযোগ অস্বীকার করেছে।তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে যে অভিযোগগুলো "ভিত্তিহীন এবং অপ্রমাণিত।"
বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়, তার নিজস্ব বিবৃতিতে, পোল্যান্ডকে "যেকোনো উসকানি ব্যবহারের বিরুদ্ধে" সতর্ক করেছে।
সোমবার সীমান্তে বেশ উত্তেজনা বিরাজ করছিল। তবে পোল্যান্ডের পুলিশ জানিয়েছে যে মঙ্গলবার রাতভর পরিস্থিতি শান্ত ছিল। পোল্যান্ডের কর্তৃপক্ষ ঐ অঞ্চলে একটি সরকারী সীমান্ত পারাপারের পথ বন্ধ করে দিয়েছে এবং একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে বেলারুশের দিকে তাঁবু খাটিয়ে এবং আগুন জ্বেলে অভিবাসীরা সেখানে অবস্থান করছে।
(এই খবরের কিছু তথ্য এপি, এএফঅপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।)