সেনা অভ্যুত্থানের মাধ্যমে গিনির প্রেসিডেন্ট আলফা কণ্ডেকে অপসারণ করায় পশ্চিম আফ্রিকান ব্লক একোয়াজ (ECOWAS) তাদের গ্রুপে গিনির সদস্যপদ স্থগিত করেছে। বুধবার গ্রুপের নেতারা গিনি অভ্যুত্থানের নেতাদের প্রতি কণ্ডেকে মুক্তি দেয়ার পরামর্শ দিয়ে দেশটিকে সাংবিধানিক শাসনে ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার Economic Community of West African States (ECOWAS) এর ১৫ সদস্যের এক ভার্চুয়াল বৈঠকের পর বুরকিনা ফাসোর পররাষ্ট্রমন্ত্রী আলফা ব্যারী স্থগিতাদেশ ঘোষণা করেন।
রবিবার লেঃ কর্নেল মামাদি দুম্বোইয়ার নেতৃত্বে গিনির সেনাবাহিনী প্রেসিডেন্ট কণ্ডেকে ক্ষমতাচ্যুত করেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারিসহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এই অভ্যুত্থানের ব্যাপক সমালোচনা করেন।
৮৩ বছর বয়সী কণ্ডে গিনির প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট যিনি ২০১০ সালে প্রথমবার নির্বাচিত হন এবং ২০১৫ সালে পুনঃনির্বাচিত হন।
গত বছর তিনি দেশের সংবিধান সংশোধন করেন যাতে তিনি তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। নির্বাচনে তাঁর বিজয় সম্পর্কে বিভিন্ন মহল থেকে আপত্তি ওঠে। অক্টোবরে তা নিয়ে প্রতিবাদ বিক্ষোভ হয় এবং কয়েক ডজন মানুষ মারা যান।