পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের জঙ্গলমহল এলাকায় এবারে প্রার্থী দিতে চলেছে শিবসেনা।
অতি সম্প্রতি মেদিনীপুরে সাংবাদিক বৈঠক করে জঙ্গলমহল এলাকায় নির্বাচনে নামার হুশিয়ারি দিয়েছিল কুড়মি সমন্বয় মঞ্চ। গত সপ্তাহে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঝাড়গ্রামে সভা করতে এসে জঙ্গলমহল এলাকায় ঝাড়খন্ড মুক্তি মোর্চার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়ে গিয়েছেন।
এরই মধ্যে সোমবারই প্রার্থী দেওয়ার বিষয়ে প্রাথমিক প্রস্তুতি সেরে ফেলল উদ্ধব ঠাকরের দল শিবসেনা। জঙ্গলমহলে বহুমুখী নির্বাচন যে হতে চলেছে তার ইঙ্গিত দিতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। ঝাড়গ্রাম শহরের ১২ নম্বর ওয়ার্ডের নৃপেনপল্লি এলাকায় তৈরি করা হয়েছে শিবসেনার জেলা কার্যালয়। ঝাড়গ্রাম জেলায় শিবসেনার সাংগঠনিক কাজ শুরু হয় সেখান থেকেই।
ঝাড়গ্রাম জেলা শিবসেনার সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন ঝাড়গ্রামের মধুসূদন সিংহ। ইতিমধ্যেই মধুসূদন সিংয়ের হাতে দলীয় পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গ শিবসেনার সাধারণ সম্পাদক অশোক সরকার। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ঝাড়গ্রামের জেলা শাসকের কাছে আবেদন করেছে শিবসেনা। তাই নির্বাচন প্রক্রিয়ার সমস্ত তথ্য যেন তাদের সময়মতো দেওয়া হয়, সে বিষয়ে আবেদন জানানো হয় প্রশাসনের কাছে বলেই খবর।