রোহিঙ্গা মুসলিমদের দ্রুত প্রত্যাবাসনের তাগিদ দিয়ে মিয়ানমারকে ২০২১ সালের শুরুতেই চিঠি দিয়েছে বাংলাদেশ।
রোববার ঢাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন মিয়ানমারের স্টেট কাউন্সিল দফতরের মন্ত্রী মিন সোয়েকে লেখা একটি চিঠিতে তিনি তাকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এ তাগিদ দিয়েছেন। করোনা মহামারি এবং মিয়ানমারের সাধারণ নির্বাচনের কারনে থমকে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া সচল করার জন্য মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশসহ বিভিন্ন আন্তর্জাতিক মহল।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ, মিয়ানমার ও চিনের মধ্যে যে ত্রিপক্ষিয় বৈঠক হওয়ার কথা ছিল তার দিন তারিখ এখন ঠিক না হলেও প্রত্যাবাসন প্রক্রিয়ায় জাপানও সম্পৃক্ত হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
সম্প্রতি রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে যাতে নতুন ৯টি দেশ প্রস্তাবের পক্ষে অর্থাৎ মিয়ানমারের বিপক্ষে ভোট দেয়ার উল্লেখ করে আব্দুল মোমেন বলেন বাংলাদেশের বেশ কিছু বন্ধু রাষ্ট্র ওই প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোট দেয়া থেকে বিরত থাকে।
এর কারন ব্যাখ্যা করে তিনি বলেন এ সকল দেশ রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য কাজ করতে আগ্রহী হওয়ায় মিয়ানমারের সাথে তারা সুসম্পর্ক বজায় রাখতে চায়। ঐ প্রস্তাবটির পক্ষে ১৩০ টি দেশ ভোট দিয়েছে এবং চিন ও রাশিয়া সহ ৯ টি দেশ বিপক্ষে ভোট প্রদান করে। অন্য দিকে ভারত ও জাপানসহ ২৫ টি দেশ ভোট দানে বিরত থাকে।