অ্যাকসেসিবিলিটি লিংক

বাপ্পি লাহিড়ী আর নেই 

মুম্বাইয়ের এক অনুষ্ঠানে বাপ্পি লাহিড়ী। (ফাইল ছবি- এএফপি)
মুম্বাইয়ের এক অনুষ্ঠানে বাপ্পি লাহিড়ী। (ফাইল ছবি- এএফপি)

ভারতের সঙ্গীত শিল্পী, সুরকার বাপ্পি লাহিড়ী মুম্বাইয়ের হাসপাতালে মঙ্গলবার গভীর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

গতকাল রাতেই বাংলার সঙ্গীতজগত হারিয়েছে তার সন্ধ্যাতারাকে। ৯০ বছর বয়সে হাসপাতালে মৃত্যু হয়েছে 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়ের। সেই শোকের রেশ কাটতে না কাটতেই ফের ছন্দপতন। বাংলার সুরের জগতে তৈরি হল আরও বড় শূন্যতা। বাপ্পি লাহিড়ির মৃত্যু কাঁদাল বলিউডকেও। বলিউড হারাল তার ডিসকো কিংকে।

মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে গত এক মাস ধরে ভর্তি ছিলেন গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী। কিন্তু সোমবার তাকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল কিছুটা। তবে বাড়ি গিয়েই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। মঙ্গলবার ফের ডাক্তারকে ডাকা হয় বাড়িতে। তড়িঘড়ি হাসপাতালে আবার তাকে নিয়ে যাওয়া হয় বলে খবর। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মঙ্গলবার গভীর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

ক্রিটিকেয়ার হাসপাতালের চিকিৎসক তথা ডিরেক্টর দীপক নামজোশি জানিয়েছেন, বর্ষীয়ান শিল্পীর শরীরে বয়সজনিত নানা সমস্যা ছিল। ওএসএ বা অবিস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়াতে মৃত্যু হয়েছে তার।

বাংলার চেয়ে মুম্বাইতেই বাপ্পি লাহিড়ীর দাপট ছিল বেশি। আশি নব্বইয়ের দশকে বলিউডকে একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। 'ডিসকো ডান্সার' থেকে শুরু করে 'চলতে চলতে' তার গান অমর হয়ে রয়েছে। বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে সঙ্গীতজগতে নেমেছে শোকের ছায়া।

তার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার সকালে টুইট করে শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, "বাপ্পি লাহিড়ীর মিউজিক সবসময় ছিল আবেগে পরিপূর্ণ, অসাধারণ। তার কাজের সঙ্গে যুগে যুগে মানুষ নিজেকে একাত্ম মনে করবে। সকলে তার প্রাণবন্ত জীবনীশক্তিকে মিস করবে। তার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। ওর পরিবার এবং অনুরাগীদের আমার শ্রদ্ধা ও সমবেদনা জানাই। ওম শান্তি।

বর্ষীয়ান এই গায়ক তথা সুরকারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, "কিংবদন্তি সুরকার ও সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ি (অলোকেশ লাহিড়ি)-র প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, "উত্তরবঙ্গের সন্তান আমাদের বাপ্পি লাহিড়ী অসামান্য প্রতিভা ও কঠোর পরিশ্রমে সর্বভারতীয় খ্যাতি অর্জন করেছিলেন। তার সাঙ্গীতিক অবদানের মাধ্যমে আমাদের গর্বিত করেছেন, দীর্ঘ কয়েক দশক ধরে অবিস্মরণীয় সুরের জাদুতে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন। হিন্দি, বাংলা ছাড়াও তিনি তেলুগু, তামিল, কন্নড় সহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রের গানে সুরারোপ করেছিলেন।

পশ্চিমবঙ্গ সরকার তাকে ২০১২ সালে 'বিশেষ চলচ্চিত্র পুরস্কার', ২০১৫ স্পেশ্যাল লাইফ টাইম অ্যাওয়ার্ড, ২০১৬ সালে 'মহানায়ক সম্মান' ও ২০১৭ সালে 'বঙ্গবিভূষণ' সম্মান প্রদান করে।

তার মৃত্যুতে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি বাপ্পি লাহিড়ীর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"

This item is part of
XS
SM
MD
LG