অ্যাকসেসিবিলিটি লিংক

চুয়াডাঙ্গায় স্কুলশিক্ষিকার বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীর সঙ্গে নিজের ছেলের বিয়ে দেওয়ার অভিযোগ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে নিজের দশম শ্রেণিতে পড়ুয়া ছেলের বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানায়, গত ২০ মার্চ (রবিবার) চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ওই কিশোরীর সঙ্গে ছেলের বিয়ে দেন ওই শিক্ষিকা।

এ বিষয়ে জানতে সাংবাদিকেরা ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে হাতে মেহেদি রং নিয়ে শ্রেণিকক্ষে ক্লাস করতে দেখা যায় বাল্যবিয়ের শিকার ওই স্কুলছাত্রীকে।

বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করলে ওই কিশোরী জানায়, “গত এক সপ্তাহ আগে ম্যাডামের ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। বর্তমানে সে (স্বামী) আমাদের বাড়িতে আছে। আমি বাড়িতে এসে স্কুলে ক্লাস করছি”।

অভিযোগের বিষয়ে ওই শিক্ষিকা জানান, তার নিজ বাড়ির অবস্থা খুব একটা ভালো না। বিশেষ করে তার মায়ের খুব শরীর খারাপ। মায়ের ইচ্ছা নাতির বউ দেখার। মূলত মায়ের ইচ্ছা পূরণ করার জন্যই তিনি নিজের ছেলের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে দিয়েছেন।

এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলেন, “একজন স্কুলশিক্ষিকার এ ধরনের অপরাধ কাম্য নয়”।

বিয়ের কাজি মফিজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, “এ ধরনের কোনো বিয়ে তিনি পড়াননি। তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে”।

বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ারদার বলেন, “বেগমপুর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত করার জন্য ইউনিয়ন পরিষদ বদ্ধপরিকর। একজন স্কুল শিক্ষিকা কীভাবে এই ধরনের কাজ করতে পারেন আমার বুঝে আসে না”।

চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, “তার (শিক্ষিকা) বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে পারিবারিক আদালতে মামলা করতে হবে। আর এই বিষয়টি আমাদের দেখার দায়িত্ব না”।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভুইয়া বলেন, বিষয়টি তার জানা নেই। তবে ঘটনার সত্যতা পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদে পাস হওয়া আইনে মেয়েদের বিয়েদের বয়স ১৮ বছর এবং ছেলেদের জন্য বয়স ২১ নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে ২০১৯ সালে মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাবিত নতুন আইনে নারীর জন্যে বিয়ের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ এবং পুরুষদের জন্যে ২১ থেকে ১৮ করা হয়।

This item is part of
XS
SM
MD
LG