অ্যাকসেসিবিলিটি লিংক

দৃশ্যত শান্তি আলোচনায় অচলাবস্থা, ইউক্রেনের উপর হামলা বাড়িয়েছে রাশিয়া

একজন ইউক্রেনীয় পরিষেবা সদস্য কিয়েভের কাছে ফ্রন্ট লাইনে ধ্বংস হওয়া রাশিয়ান আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ারের কাছাকাছি একটি এলাকা পরীক্ষা করছে। ৩০ মার্চ, ২০২২।
একজন ইউক্রেনীয় পরিষেবা সদস্য কিয়েভের কাছে ফ্রন্ট লাইনে ধ্বংস হওয়া রাশিয়ান আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ারের কাছাকাছি একটি এলাকা পরীক্ষা করছে। ৩০ মার্চ, ২০২২।

ইউক্রেনের কর্মকর্তারা বুধবার বলেছেন রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভের উপকণ্ঠে সামরিক অভিযান কমানোর প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে যদিও দুই দেশের মধ্যে শান্তি আলোচনার সর্বসাম্প্রতিক দফায় সামান্য অগ্রগতির খবর পাওয়া গেছে।

পেন্টাগন বুধবার বলেছে, রাশিয়া গত ২৪ ঘন্টার মধ্যে কিয়েভের আশেপাশে অল্প সংখ্যক সৈন্য মোতায়েন রেখেছে ঠিকই কিন্তু বলেছে, “সৈন্যদের কেউই তাদের ব্যারাকে ফিরে যায়নি”।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কার্বি বলেছেন, ওই সেনারা ব্যারাকের দিকে ফিরে যাচ্ছে না। “তারা কিয়েভ ছেড়ে শহর থেকে কিছুটা দূরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে...," তিনি উল্লেখ করেন, রুশ বাহিনীর অধিকাংশই এখনও কিয়েভের আশেপাশেই রয়েছে এবং বিমান হামলা অব্যাহত রেখেছে৷

বুধবার রাশিয়া বলেছে, ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় অগ্রগতির কোনো লক্ষণ নেই।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথে কথা বলার সময়ও বাহ্যত অচলাবস্থা দেখা দেয়।

ইউক্রেনীয় নেতা বাইডেনকে আলোচনার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন উল্লেখ করে, হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, “প্রেসিডেন্ট বাইডেন জেলেন্সকিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সরকারকে ৫০ কোটি ডলার সরাসরি বাজেট সহায়তা হিসেবে প্রদান করতে চায়”।

যখন শান্তি আলোচনায় এই আহ্বান এবং অচলাবস্থা তৈরি হয়েছে, তখন নতুন এক গোয়েন্দা তথ্য থেকে জানা যায় যে, ইউক্রেনে রাশিয়ার মাসব্যাপী আগ্রাসন নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সিনিয়র সামরিক উপদেষ্টাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে।

গোয়েন্দা তথ্য নিয়ে আলোচনা করার জন্য নাম প্রকাশ না করার শর্তে বুধবার যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা ভিওএ-কে নিশ্চিত করেছেন, “এখন পুতিন এবং এমওডি [প্রতিরক্ষা মন্ত্রকের] মধ্যে ক্রমাগত উত্তেজনা চলছে”।

ওই কর্মকর্তা বলেছেন, “তার সিনিয়র উপদেষ্টারা তাকে সত্য কথা জানাতে খুব ভয় পায়”। গোয়েন্দা তথ্য এই ইঙ্গিত দেয় যে, পুতিনের সহযোগীরা তাকে রাশিয়ান সৈন্যদের অগ্রগতির পাশাপাশি রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কেও ভুল তথ্য দিয়েছে।

অন্যদিকে, ব্রিটিশ সামরিক গোয়েন্দারাও বুধবার রাশিয়ার সামরিক বাহিনীর ভেতরের দ্বন্দ্বের আরও কিছু ইঙ্গিত দিয়েছে।

এছাড়া অন্যান্য সামরিক কর্মকর্তারাও সতর্ক করেছেন, রাশিয়া ইউক্রেনের বাইরেও এই যুদ্ধের সম্প্রসারণ ঘটানোর চেষ্টা করতে পারে।

ইউএস ইউরোপিয়ান কমান্ডের সুপ্রিম অ্যালাইড কমান্ডার ও কমান্ডার জেনারেল টড ওল্টারস বুধবার যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের বলেছেন, “সব সময়ই একটি ঝুঁকি থাকে”।

এ দিকে বুধবার রাশিয়া বলেছে, ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় এখনো অগ্রগতির লক্ষণ নেই। ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকফ এক প্রেস ব্রিফিং-এ বলেন,মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে ৩৬ দিনের যুদ্ধের অবসানের লক্ষ্যে আলোচনার শুরুতে ইউক্রেন তাদের দাবির একটি তালিকা উপস্থাপন করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির একজন সহযোগী বলেছেন যে, মঙ্গলবারের অধিবেশনে উভয় পক্ষ ইউক্রেনের জন্য আন্তর্জাতিক সুরক্ষার নিশ্চয়তাসহ সম্ভাব্য যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করেছে।

ইউক্রেনীয় আলোচকরা প্রস্তাব করেছে যে, নিরাপত্তার নিশ্চয়তার বিনিময়ে কিয়েভ নেটো বা অন্যান্য সামরিক জোটে যোগদান না করার মতো একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করবে।

সাংবাদিকদের পেসকভ বলেছেন, মস্কো এই বিষয়টিকে স্বাগত জানিয়েছে যে, কিয়েভ দাবির একটি লিখিত বিবৃতি পেশ করেছে । তবে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর মতো আশাব্যঞ্জক কিছু রাশিয়া দেখেনি।

This item is part of
XS
SM
MD
LG