অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গাদের নিয়ে আপ-বিজেপি বিতর্ক তুঙ্গে, অমিত শাহকে চিঠি সিসোদিয়ার

একজন রোহিঙ্গা উদ্বাস্তু কলকাতা থেকে প্রায় ৫৫ কিলোমিটার দক্ষিণে বারুইপুর গ্রামের কাছে একটি অস্থায়ী আশ্রয়ে রান্না করছেন। (ছবি দিব্যাংশু সরকার/এএফপি) ১৯ জানুয়ারী, ২০১৮।
একজন রোহিঙ্গা উদ্বাস্তু কলকাতা থেকে প্রায় ৫৫ কিলোমিটার দক্ষিণে বারুইপুর গ্রামের কাছে একটি অস্থায়ী আশ্রয়ে রান্না করছেন। (ছবি দিব্যাংশু সরকার/এএফপি) ১৯ জানুয়ারী, ২০১৮।

দিল্লীতে বসবাসকারী রোহিঙ্গাদের স্বল্পমূল্যের ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত কে বা কোন মন্ত্রক নিয়েছিল, এই ব্যাপারে তদন্ত দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন দিল্লীর উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া।

অন্যদিকে, রোহিঙ্গা ইস্যুতেই দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে পাল্টা আক্রমণ করেছেন বিজেপি নেতা, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি প্রশ্ন তোলেন, আপ সরকার কেন দিল্লীতে এখনও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করে উঠতে পারল না।

দিল্লীর তিনটি পুর নিগমের ভোট আসন্ন। সেই ভোটে রোহিঙ্গাদের ভোটার হিসাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে কিনা, উঠেছে সেই প্রশ্নও। বিজেপি ও আপের বিরুদ্ধেই এই অভিযোগ বাকিদের। ওই দুই দলই রোহিঙ্গাদের নিয়ে একে অপরের দিকে আঙুল তুলেছে। এই বিবাদের মধ্যে চুপচাপ থেকেছেন কেন্দ্রের আবাসন মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি কার্যত বিতর্ক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

যদিও বিতর্কের সূত্রপাত গতকাল করেছিলেন পুরীই। তিনিই টুইট করেছিলেন, দিল্লীতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অতি দরিদ্রদের জন্য সরকার তৈরি ফ্ল্যাট দেবে। আবাসন মন্ত্রী এমন কথাও লেখেন টুইটে, "এই আমাদের দেশ। আমরা সবাইকে আশ্রয় দিয়ে থাকি।"

আবাসন মন্ত্রীর এই টুইট নিয়ে বুধবার দিনভর হইচই হয়। বিজেপির অনেকেই বিস্ময় প্রকাশ করেন... কোথায় এমন সিদ্ধান্ত হল? প্রশ্ন ওঠে, রোহিঙ্গাদের ভারত 'শরণার্থী' বলে স্বীকৃতি দেয়নি। তাদের 'অনুপ্রবেশকারী' মনে করে নরেন্দ্র মোদী সরকার। তাহলে কীভাবে তাদের ফ্ল্যাট দেওয়া যেতে পারে?

বিকালে স্বরাষ্ট্রমন্ত্রক টুইট করে জানায়, রোহিঙ্গাদের দিল্লীতে ফ্ল্যাট দেওয়া সংক্রান্ত যে খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। রোহিঙ্গাদের ফ্ল্যাট দেওয়ার কোনও সিদ্ধান্ত সরকারের কোনও স্তরেই হয়নি।

This item is part of
XS
SM
MD
LG