অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন থেকে আসা আরও শরণার্থীর জন্য প্রস্তুত হচ্ছে পূর্ব ইউরোপ

ইউক্রেন থেকে পালিয়ে আসা মানুষেরা স্লোভাকিয়ার ভিসনে নিমেক সীমানা অতিক্রম করছে। ৪ মার্চ ২০২২। ফাইল ছবি।
ইউক্রেন থেকে পালিয়ে আসা মানুষেরা স্লোভাকিয়ার ভিসনে নিমেক সীমানা অতিক্রম করছে। ৪ মার্চ ২০২২। ফাইল ছবি।

শীত এগিয়ে আসার সাথে সাথে স্লোভাকিয়া এবং হাঙ্গেরির মতো পূর্ব ইউরোপীয় দেশগুলো আগামী মাসগুলোতে ইউক্রেনের যুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থীর সংখ্যা বৃদ্ধির জন্য প্রস্তুতি নিচ্ছে।

গত কয়েক মাসে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ এবং হিটিং স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। শীতকালে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস (৩২ ডিগ্রি ফারেনহাইট)- এর নিচে নেমে আসে; এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, প্রায় ৪০ লাখ মানুষ বিদ্যুৎ পরিষেবার বাইরে রয়ে গেছে।

রোমান ডোহোভিচ নামে পূর্ব স্লোভাক শহর কোসিসের একজন ত্রাণ সমন্বয়কারী বলেছেন, শরণার্থীর সংখ্যা “বর্তমানে ১৫ শতাংশ” বৃদ্ধি পেয়েছে, প্রায় ৬৯ লাখ মানুষ ইউক্রেনের বিভিন্ন অংশে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে বলে ধারণা করা হয়।

রাশিয়া তাদের সেনা মোতায়েন অব্যাহত রেখেছে এবং আক্রমণ অব্যাহত রাখার জন্য রিজার্ভ সৈন্যদের আহ্বান জানিয়েছে। প্রতিবেদন অনুসারে, ইউক্রেনের বাহিনী আক্রমণ প্রতিহত করছে এবং তারাও আক্রমণ করছে।

যুদ্ধের ব্যাপক প্রচেষ্টার অংশ হিসেবে অক্টোবরে ক্ষতিগ্রস্থ হওয়া ক্রাইমিয়া সেতু মেরামত করার জন্য কাজ করছে রাশিয়া। তবে বুধবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক বলেছে যে সেতুটি “কমপক্ষে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত পুরোপুরি কার্যকর হওয়ার সম্ভাবনা কম।”

সেতুটি ক্রাইমিয়া এবং দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার রসদ সরবরাহ করার জন্য ব্যবহৃত হয়। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়া রেল বা সড়কপথে এই অঞ্চলে সামরিক সরঞ্জাম এবং সৈন্য স্থানান্তরের জন্য এই রুটটি ব্যবহার করতো।

এ প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG