অ্যাকসেসিবিলিটি লিংক

সাবেক একজন আফগান নারী নেত্রী তালিবান শাসিত দেশেই রয়ে গেছেন

নিলাব মোবারেজ একমাত্র সাবেক উচ্চপদস্থ নারী কর্মকর্তা যিনি তালিবানের অধীনেও থেকে গিয়েছেন। (সৌজন্যে: নিলাব মোবারেজ)
নিলাব মোবারেজ একমাত্র সাবেক উচ্চপদস্থ নারী কর্মকর্তা যিনি তালিবানের অধীনেও থেকে গিয়েছেন। (সৌজন্যে: নিলাব মোবারেজ)

নিলাব মোবারেজ এর জন্য ১৫ আগস্ট ২০২১ একটি সাধারণ কর্মদিবস ছিল। তিনি আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির (এআরসিএস) মহাসচিব। এআরসিএস ২,০০০ কর্মী ও আফগানিস্তান জুড়ে হাজার হাজার স্বেচ্ছাসেবকের সমন্বয়ে গঠিত একটি জাতীয় মানবিক সংস্থা।

সেইদিনের কথা স্মরণ করে মোবারেজ বলেন, “আমরা সকাল ১১টায় আমাদের ব্যবস্থাপনা সংক্রান্ত সভাটি করি, যার পরে কিছু প্রাত্যহিক প্রশাসনিক কাজ করা হয়।” ঐ দিনটিই ছিল তার শেষ কর্মদিবস।

দুপুর ১২টার দিকে একজন সহকর্মী তার মোবাইলে তাকে একটি টেক্সট মেসেজ দেখান, যাতে লেখা ছিল, “প্রজাতন্ত্রের পতন হয়েছে। তালিবান শহরে ঢুকে পড়েছে।”

এরপর আফগানিস্তানের প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণরূপে ভেঙে পড়ে, যেই প্রতিষ্ঠানগুলোকে দেশটি নজিরবিহীন আন্তর্জাতিক সহায়তার মধ্য দিয়ে গড়ে তুলেছিল। ২০০২ থেকে ২০২১ সাল পর্যন্ত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য আরও অনেক দেশ ও সংগঠন আফগানিস্তানের জন্য টেকসই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তৈরি করতে ও সেগুলোকে জোরদার করতে শত শত কোটি ডলার ব্যয় করেছিল।

মোবারেজ শিক্ষাগতভাবে একজন সার্জন ও জনপ্রশাসক। তিনি ২০১৭ সালে এআরসিএস এর মহাসচিব হিসেবে নিযুক্ত হন। তার পদটি তাকে যুদ্ধটির উভয় দিকে কাজ করার সুযোগ করে দিয়েছিল এবং তিনি তালিবান নিয়ন্ত্রিত এলাকাগুলোতেও মানবিক সহায়তা সরবরাহ করেছিলেন।

পতনের দিন বেশিরভাগ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা – মন্ত্রী, আইনপ্রণেতা, বিচারক ও গভর্নর – প্রেসিডেন্ট আশরাফ গনির পথ ধরে বিমানবন্দরের দিকে দৌঁড়ে যান। প্রেসিডেন্ট গনি তার স্ত্রী ও ঘনিষ্ঠ সহযোগীদের সাথে নিয়ে একটি হেলিকপ্টারে করে পালিয়ে যান। কিন্তু মোবারেজ সিদ্ধান্ত নেন যে তিনি দেশেই থাকবেন।

মোবারেজ বলেন যে, তাকেও আফগানিস্তান ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন।

“এটি আমার দেশ এবং আমি যদি এই কঠিন সময়ে এ দেশটির সাথে না থাকি তাহলে কে থাকবে?”

তালিবানের অধীনে এক বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন মোবারেজ। তিনি কর্মহীন রয়েছেন এবং তার বয়োঃবৃদ্ধ পিতার দেখভাল করছেন। তার পিতা আফগানিস্তানের সাবেক সরকারের একজন উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে, মোবারেজ এখনও তার দেশ না ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন করেন।

মোবারেজ বলেন, “তালিবান কর্মকর্তারা এখনও আমার সাথে যোগাযোগ করেননি, কিন্তু এআরসিএস কর্মীদের সাথে বৈঠকে তারা জিজ্ঞেস করেছেন যে একজন নারী কিভাবে এতবড় একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন?”

তিনি বলেন, “তালিবান আমাদের এমনভাবে অবজ্ঞা করে যেন আমাদের কোন অস্তিত্বই নেই…মাঝেমধ্যে আমার মনে হয় যে আমি অদৃশ্য।”


XS
SM
MD
LG