অ্যাকসেসিবিলিটি লিংক

ব্লিংকেনঃ পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর চাপ তৈরি করছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুখারেস্টে রোমানিয়ার পার্লামেন্টের প্রাসাদে নেটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ৩০ নভেম্বর, ২০২২।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুখারেস্টে রোমানিয়ার পার্লামেন্টের প্রাসাদে নেটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ৩০ নভেম্বর, ২০২২।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রবিবার বলেন, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞায় তাদের ক্ষতি প্রতিদিনই বাড়ছে। যার ফলে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ এগিয়ে নিতে মস্কোর জন্য তার অস্ত্রশস্ত্র পুনরায় সংগ্রহ করা আরও কঠিন হয়ে পড়েছে।

অ্যান্টনি ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের আরোপিত বাণিজ্য নিয়ন্ত্রণগুলির পর রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ধ্বংস হয়ে যাওয়া অস্ত্র সমুহ ঠিক করতে বা আরো অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানি করতে পারবে না। ইউক্রেনের অগ্রগতির মুখে মস্কোর বাহিনী পশ্চাদপসরণ করার কারণে রাশিয়া অনেক অস্ত্র পরিত্যক্ত অবস্থায় ফেলে আসে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক সিএনএন-এর 'স্টেট অব দ্য ইউনিয়ন' অনুষ্ঠানে বলেন, "প্রতিদিনই ক্ষতির পরিমাণ বাড়ছে। রাশিয়ার ওপর বোঝা দিন দিন বেড়েই চলেছে।"

তিনি আরও বলেন, পশ্চিমা মিত্ররা রাশিয়ার অর্থনীতি ও তার যুদ্ধ প্রচেষ্টাকে দুর্বল করার জন্য নিষেধাজ্ঞাগুলি আরও কঠোর করার বিভিন্ন উপায়ের দিকে "ক্রমাগত নজর দিচ্ছে"।

রাশিয়া ইউক্রেনীয় জনগণের মনোবলকে দুর্বল করার জন্য ইউক্রেনের বিদ্যুৎ ও জল সরবরাহকে লক্ষ্য করে সাম্প্রতিক সপ্তাহগুলিতে বিমান হামলা চালিয়েছে অভিযোগ করে, অ্যান্টনি ব্লিংকেন বলেন, তারা "শীতকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। এটা সত্যিই বর্বরোচিত।”

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, এই যুদ্ধের প্রতি রাশিয়ার জনগনের সমর্থন কমে যাচ্ছে ।

এদিকে, রাশিয়ার জ্বালানি প্রধান, উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক রবিবার বলেছেন, পশিমাদের বেধে দেয়া মূল্যে মস্কো কোনো তেল বিক্রি করবে না। প্রয়োজনে উৎপাদন কমানো হবে।

নোভাক শুক্রবার সাতটি নেতৃস্থানীয় শিল্পোন্নত দেশ এবং অস্ট্রেলিয়া দ্বারা আরোপিত ব্যারেল প্রতি ৬০ ডলার মূল্য নির্ধারণকে বিশ্ব শক্তি বাণিজ্যে একটি গুরুতর হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি দামের এই সীমাকে খুব কম বলে অভিহিত করেন। তবে যুক্তরাষ্ট্র এটিকে সমর্থন করেছে।

এই মূল্য সীমা সোমবার থেকে কার্যকর হবে। রাশিয়ার বেশিরভাগ তেল চালানের উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা একইসাথে কার্যকর হবে।

তেলের বাজারকে তা কীভাবে প্রভাবিত করবে তা এখনো অনিশ্চিত। রাশিয়া শিপমেন্ট বন্ধ করে প্রতিশোধ নিতে পারে এই আশংকাও রয়ে গেছে।

এই প্রতিবেদনে কিছু তথ্য অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স এবং এজেন্স ফ্রান্স-প্রেস থেকে নেয়া।

This item is part of
XS
SM
MD
LG