সপ্তাহান্তে সরকারবিরোধী বিক্ষোভের পর দক্ষিণ সিরিয়ার একটি প্রদেশে একটি শান্ত সতর্ক পরিস্থিতি ফিরে এসেছে। কয়েক ডজন বিক্ষোভকারী একটি সরকারী ভবনে হামলা চালালে, নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ শুরু হয়। ফলে বিক্ষোভটি খুব দ্রুত সহিংস হয়ে ওঠে।
সুইদা প্রদেশে রবিবারের সহিংসতার ফলে একজন বেসামরিক নাগরিক এবং একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় ও পর্যবেক্ষক গোষ্ঠীগুলো। এছাড়া বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও আহত হয়েছেন।
যদিও দ্রুজ-সংখ্যাগরিষ্ঠ প্রদেশটিতে, দেশটির দশকব্যাপী গৃহযুদ্ধের সময় রাষ্ট্রপতি বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে বেশ কয়েকটি বিক্ষোভ হয়েছে। তবে পর্যবেক্ষকরা বলেছেন, সাম্প্রতিক বিক্ষোভগুলি সুইদার সবচেয়ে মারাত্মক বিক্ষোভগুলির মধ্যে একটি হতে পারে।
স্থানীয় একটি নিউজ ওয়েবসাইট সুইদা ২৪ এর সম্পাদক রায়ান মারুফ বলেন, অর্থনৈতিক অবস্থার অবনতি এবং সরকারের দুর্বল নীতির কারণে এই বিক্ষোভ শুরু হয়েছে। "তাদের দাবিগুলিতে মনোনিবেশের পরিবর্তে, সরকার গুলি এবং সহিংসতার সাথে প্রতিক্রিয়া জানায়," তিনি ভিওএকে বলেন।
সিরিয়ার সরকার এই বিক্ষোভকে নিষিদ্ধ ব্যক্তিদের দ্বারা সমর্থিত বিদ্রোহ হিসাবে বর্ণনা করেছে।
দ্রুজ একটি ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী যা সিরিয়ার জনসংখ্যার প্রায় ৩ শতাংশ। সুইদা এবং রাজধানী দামেস্কের কিছু এলাকায় তাদের বসবাস।সংঘাতের সময়, দ্রুজ জনগন মূলত নিরপেক্ষ থেকেছে।
যদিও সরকারী দুর্নীতি এবং অর্থনৈতিক দুর্দশার কারণে মাঝে মাঝেই তাদের এলাকায় বিক্ষোভ হয়।
স্থানীয় দ্রুজ মিলিশিয়ার সদস্য কুতাইবা আজাম ভয়েস অফ আমেরিকাকে বলেন, স্থানীয় দ্রুজ নেতারা, যারা মানুষকে লক্ষ্য করে গুলি চালিয়েছে তাদের জবাবদিহির জন্য সিরিয়ার সরকারকে চাপ দিচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন সিরিয়ার সরকার তাদের বিপজ্জনক বলে মনে করে, তাই গত সপ্তাহান্তের বিক্ষোভে সহিংসতা হবে, এটা আগেই অনুমান করা গিয়েছিল।
ওয়াশিংটনের নিউ লাইনস ইনস্টিটিউটের সিরিয়া বিশ্লেষক কেলভিন ওয়াইল্ডার বলেন, সুইদা'র বিক্ষোভের বিরুদ্ধে সরকারের একইরকম সহিংস প্রতিক্রিয়া দক্ষিণ সিরিয়ার অন্যত্রও, বিশেষ করে দারা প্রদেশেও দেখা যায়।
এই প্রতিবেদনটি ভিওএ এর কুর্দি বিভাগ থেকে করা হয়েছে।