অ্যাকসেসিবিলিটি লিংক

আরও বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করার অঙ্গীকার করেছে ইরানের সরকার

ইরানে বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর নিহত সদস্যদের পরিবারের সাথে ইরানের রাজধানী তেহরানে সাক্ষাৎ করছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, ৯ ডিসেম্বর ২০২২। (প্রেসিডেন্টের ওয়েবসাইট/ডব্লিউএএনএ/রয়টার্সের মাধ্যমে প্রাপ্ত)
ইরানে বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর নিহত সদস্যদের পরিবারের সাথে ইরানের রাজধানী তেহরানে সাক্ষাৎ করছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, ৯ ডিসেম্বর ২০২২। (প্রেসিডেন্টের ওয়েবসাইট/ডব্লিউএএনএ/রয়টার্সের মাধ্যমে প্রাপ্ত)

একজন সরকারবিরোধী প্রতিবাদকারীর মৃত্যুদণ্ড কার্যকর করার একদিন পর, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ঘোষণা দিয়েছে যে, পশ্চিমা দেশগুলো থেকে ব্যাপক নিন্দা সত্ত্বেও, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও অন্যান্য সরকারি কর্মকর্তারা দেশটিতে বিশৃঙ্খলার বিরুদ্ধে দমন অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন।

বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় যে, ২৩ বছর বয়সী মোহসেন শেকারিকে ঐ দিন সকালে ফাঁসি দেওয়া হয়েছে। তেহরানে একটি সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ও নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে আক্রমণের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

ইরানের আদালতগুলো বিক্ষোভের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে গ্রেফতার হ্ওয়া ১০ হনের ফাঁসির আদেশ দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের মধ্যে সর্বপ্রথম শেকারির ফাঁসিটি কার্যকর করা হয়।

এর প্রতিক্রিয়ায় ব্রিটেন ও অস্ট্রেলিয়া সহ একাধিক দেশ ইরানের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যুক্তরাষ্ট্র ও কানাডা এক যৌথ বিবৃতিতে শুক্রবার বলে যে, তারা “মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ইরানের কর্মকর্তাদের বিরুদ্ধে সমন্বিত নিষেধাজ্ঞা আরোপ করেছে, যেসব অধিকার লঙ্ঘনের মধ্যে চলমান নির্মম দমনপীড়নের অংশ হিসেবে করা লঙ্ঘনগুলোও রয়েছে, যেগুলোর উদ্দেশ্য হল ইরানের মানুষজনের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা নাকচ করা।”

জার্মানী মৃত্যুদণ্ডটি কার্যকর করার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে এবং বার্লিনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। ইউরোপীয় কূটনীতিবিদরা জানিয়েছেন যে, সোমবার ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠককালে ইরানের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞাগুলো চূড়ান্ত করতে ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত রয়েছে।

মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাইকমিশনার, ভলকার টুর্ক শুক্রবার জেনেভায় সংবাদদাতাদের বলেন যে, মৃত্যুদণ্ড কার্যকর করাকে তিনি “অত্যন্ত উদ্বেগজনক মনে করছেন এবং সেটি নিশ্চিতভাবেই বাকি বিক্ষোভকারীদের প্রতি একটি ভয়াবহ বার্তা পাঠানোর উদ্দেশ্যে করা হয়েছে”।

এদিকে, ইরানের কর্মকর্তারা পশ্চিমা সমালোচনাগুলোকে কপটতা, দ্বৈত নীতি ও হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করে সেগুলোকে প্রত্যাখ্যান করেছেন, এবং বিক্ষোভকারীদের তারা যেভাবে মোকাবেলা করছেন সেভাবেই তা করা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন।


XS
SM
MD
LG