অ্যাকসেসিবিলিটি লিংক

গোয়েন্দা স্যাটেলাইট কর্মসূচিতে অগ্রগতির দাবি উত্তর কোরিয়ার; সোওল ও ইনশেনের ছবি প্রকাশ

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে প্রকাশিত তারিখবিহীন ছবি, যেটি একটি নজরদারি স্যাটেলাইট সম্পর্কিত একটি পরীক্ষার ছবি বলে আপাতদৃষ্টিতে মনে হয়।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে প্রকাশিত তারিখবিহীন ছবি, যেটি একটি নজরদারি স্যাটেলাইট সম্পর্কিত একটি পরীক্ষার ছবি বলে আপাতদৃষ্টিতে মনে হয়।

উত্তর কোরিয়া সোমবার দাবি করেছে যে, তারা স্যাটেলাইট থেকে দক্ষিণ কোরিয়ার সোওল ও ইনশেন শহর দুইটির ছবি ধারণ করেছে। একইসাথে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির প্রথম সামরিক গোয়েন্দা স্যাটেলাইট তৈরির পথে সাফল্যের কথা জোরালোভাবে প্রচার করেছে।

রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) একটি পরীক্ষামূলক স্যাটেলাইট ব্যবহার করে এক “গুরুত্বপূর্ণ অন্তিম পর্বের পরীক্ষার” কথা জানায়। তারা বলে যে, স্যাটেলাইটটি রবিবার উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলের সোহেই স্যাটেলাইট স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয়।

উৎক্ষেপণের ছবির পাশাপাশি কেসিএনএ সোওল ও ইনশেন-এর দুইটি নিম্ন রেজোল্যুশনের সাদা-কালো ছবি প্রকাশ করেছে, যা সম্ভবত ঐ পরীক্ষমূলক স্যাটেলাইট থেকে ধারণ করা হয়েছে।

কেসিএনএ বলে যে, পরীক্ষাটির উদ্দেশ্য ছিল “স্যাটেলাইট থেকে ছবি ধারণের সক্ষমতা এবং তথ্য আদান-প্রদান ব্যবস্থা ও ভূমি থেকে নিয়ন্ত্রণ ব্যবস্থাটি যাচাই করা”।

উত্তর কোরিয়ার ন্যাশনাল অ্যারোস্পেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এর কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনটিতে আরও বলা হয় যে, গোয়েন্দা স্যাটেলাইটটির প্রস্তুতি এপ্রিল নাগাদ সমাপ্ত হবে।

এমন প্রকল্পের সামরিক তাৎপর্য পরিষ্কার নয়। উত্তর কোরিয়া একসাথে কয়টি গোয়েন্দা স্যাটেলাইট কক্ষপথে রাখতে চায় সে বিষয়ে দেশটি কিছু জানায়নি। স্যাটেলাইটগুলো কি মানের ছবি পাঠাতে পারবে সে বিষয়েও বিশ্লেষকরা অনিশ্চিত। তবে তারা বলছেন যে, উত্তর কোরিয়া তা সত্ত্বেও তাদের দেশীয় স্যাটেলাইট কর্মসূচিকে প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করতে পারে।

সর্বসাম্প্রতিক এই ছবিগুলোর রেজোল্যুশন বাণিজ্যিকভাবে সহজলভ্য স্যাটেলাইটের ছবির তুলনায় নিম্নমানের বলে ডেভ ইশমেরলার জানান। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রলিফারেশন স্টাডিজ এর একজন সিনিয়র সহকারী গবেষক।

উত্তর কোরিয়া অন্তত দুইটি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছে। এর সর্বশেষটি করা হয় ২০১৬ সালের ফেব্রুয়ারিতে। তবে ধারণা করা হয় যে সেগুলোর একটিও কাজ করছে না।

XS
SM
MD
LG