অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের সরকারি কোভিড সংক্রমণ পরিসংখ্যান বৃদ্ধি; জনসাধারণের সন্দেহ

২০২২ সালের ২০ ডিসেম্বর বেইজিং-এ সকালের ভিড়ের সময় লোকজন সাবওয়ে স্টেশনে হাঁটছে। ২০ ডিসেম্বর, ২০২২।
২০২২ সালের ২০ ডিসেম্বর বেইজিং-এ সকালের ভিড়ের সময় লোকজন সাবওয়ে স্টেশনে হাঁটছে। ২০ ডিসেম্বর, ২০২২।

চীনে তার কঠোর “জিরো-কোভিড” নীতি ব্যবস্থা শিথিল করার প্রায় ২ সপ্তাহ পরে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) মঙ্গলবার কোভিডে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যুর সংবাদ দেয়। এর আগের দিন সংক্রমণে ২ জনের মৃত্যুর সংবাদ দেয়া হয়।

১৪০ কোটির বেশি বাসিন্দার দেশ চীনে এনএইচসি’র পরিসংখ্যানগুলোর যথার্থতা সম্পর্কে জনসাধারণের সংশয় রয়েছে। কারণ ৭ ডিসেম্বর জিরো-কোভিড শেষ হওয়ার আগে বিশেষজ্ঞরা যা ভবিষ্যদ্বাণী করেছিলেন সংক্রমণ ও সংক্রমণে মৃতের সংখ্যা তার চেয়ে অনেক কম।

ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গু ভয়েস অফ আমেরিকার ম্যান্ডারিন বিভাগকে ইমেইলের মাধ্যমে বলেছেন, “চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন প্রতিদিন কোভিড-১৯ সম্পর্কিত উপাত্ত প্রকাশ করে এবং সেই উপাত্ত সঠিক।”

১৫ ডিসেম্বর দ্য ইকোনোমিস্টের প্রকাশিত ডেটা মডেলিং পুর্বাভাস দিয়েছে যে, চীনে মৃতের সংখ্যা ১৫ লাখ হতে পারে। ১৪ ডিসেম্বর ব্লুমবার্গের প্রকাশিত হংকং গবেষকদের একটি সমীক্ষায় চীনে প্রায় ১০ লাখ মানুষের মৃত্যুর পূর্বাভাস দেয়া হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রাক্তন এডিটর-ইন-চিফ ওয়াং জিয়াংওয়েই ভয়েস অফ আমেরিকার ম্যান্ডারিন বিভাগকে বলেছেন, চীন সরকার বাধ্যতামূলক, ব্যাপক ভাবে পিসিআর টেস্ট বাতিল করেছে। তাই অনেকের বাড়িতে পরীক্ষা করেই কোভিড পজিটিভ আসলেও কোয়ারেন্টিন সেন্টারের আইসোলেশন এড়াতে তারা তাদের সংক্রমণের কথা জানাতে নারাজ।

তিনি বলেন, বেইজিং-এর উচিত সমস্ত প্রদেশ এবং শহরকে তাদের উপাত্ত প্রকাশ করতে উৎসাহিত করা যাতে কী ঘটছে তা লোকজন নিজেরাই বিচার করতে পারে। ওয়াং বলেন, “আমি মনে করি এটি আরও বাস্তবসম্মত চিত্র দিতে পারে।”


This item is part of
XS
SM
MD
LG