অ্যাকসেসিবিলিটি লিংক

বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না: পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ দাতাদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ১৬ এপ্রিল, ২০২৩।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ দাতাদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ১৬ এপ্রিল, ২০২৩।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন যে বিদেশিদের কাছে নালিশ করে কোনো লাভ হবে না। এর বদলে বরং তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে যেতে এবং তাদের কথা শুনতে রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দিয়েছেন তিনি। রবিবার (১৬ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক প্রসঙ্গে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, “এগুলো খুবই দুঃখজনক। তাদের তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে যাওয়া উচিত। বিদেশিরা তো ভোট দেবে না, ভোট দেবে বাংলাদেশিরা।” তিনি আরো বলেন, “রাজনৈতিক নেতাদের প্রচেষ্টা জনগণের কল্যাণের দিকে মনোনিবেশ করা উচিত।”

ড. মোমেন বলেন “আপনারা যদি তৃণমূল পর্যায়ের ভোটারদের সঙ্গে আলোচনা করেন, তবে বুঝতে পারবেন আরো উন্নয়নের জন্য কী করা প্রয়োজন।” এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ চায় এবং আওয়ামী লীগও তাই চায়। নির্বাচন ইস্যুতে কোন দ্বিমত নেই।”

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো বাড়াতে চায় এবং তাই তারা এমন রাষ্ট্রদূত পাঠিয়েছেন যিনি অর্থনৈতিক বিষয়ে বিশেষজ্ঞ। আমরা আশা করি বাণিজ্য উন্নয়নের প্রচেষ্টা ত্বরান্বিত হবে এবং রাষ্ট্রদূত এর ওপর জোর দেবেন।”

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে ড. মোমেন বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) প্রশ্নসহ যুক্তরাষ্ট্র যেসব প্রশ্ন তুলেছে, বাংলাদেশ তার উত্তর দিয়েছে। বাংলাদেশ এই সমস্যা পরীক্ষা করছে; কারণ কিছু ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ সঠিকভাবে করা হয়নি। আমরা এটা পরীক্ষা করছি। যদি কোন দুর্বলতা থাকে, আমরা তা দেখবো।”

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জবাবে বেশ খুশি; কারণ উভয় পক্ষই অপ্রয়োজনীয় হয়রানি এড়াতে চায়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে যে ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) সংবাদপত্রের স্বাধীনতা সীমাবদ্ধ করার জন্য নয়, সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে।

This item is part of
XS
SM
MD
LG