অ্যাকসেসিবিলিটি লিংক

১০০ আফগান নারী শিক্ষার্থীকে পড়াশোনার জন্য ইউএই-তে যেতে বাধা দেওয়ার অভিযোগ তালিবানের বিরুদ্ধে

ফাইল - কাবুল বিমানবন্দরের কাছে তালিবান কর্তৃপক্ষের একটি ব্যানারের নিচে যাত্রীরা গাড়ি চালিয়ে যাচ্ছেন। ৩০ আগস্ট, ২০২২।
ফাইল - কাবুল বিমানবন্দরের কাছে তালিবান কর্তৃপক্ষের একটি ব্যানারের নিচে যাত্রীরা গাড়ি চালিয়ে যাচ্ছেন। ৩০ আগস্ট, ২০২২।

আফগানিস্তান ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা শেষ করতে চেয়েছিলেন একদল তরুণী। তাদের সেখানে যেতে তালিবান বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আমিরাতের প্রথম সারির ব্যবসায়ী খালাফ আল হাবতুর এক্স (পূর্বে ট্যুইটার)-এ এক ভিডিও বার্তায় বলেন, দুবাই বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তিনি প্রায় ১০০ আফগান নারী শিক্ষার্থীকে শিক্ষা গ্রহণ চালিয়ে যাওয়ার জন্য অর্থ দিয়েছিলেন।

কিন্তু তিনি বলেছেন যে, বুধবার সকালে তার অফিস "অস্বস্তিকর খবর"টি পায়। তারা জানতে পারেন যে, তালিবান কর্তৃপক্ষ কাবুল বিমানবন্দরে তাদের জন্য অপেক্ষা করা একটি বিমানে উঠতে মেয়েদের বাধা দিয়েছে।

ইউএই-র সবচেয়ে মর্যাদাসম্পন্ন ও সফল ব্যবসা হিসেবে পরিগণিত আল হাবতুর গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল হাবতুর বলেন, “আমি এখন যে হতাশা বোধ করছি তা বর্ণনা করার ভাষা হারিয়ে ফেলেছি।”

তার কথায়, তিনি "আজ দুঃখিত" কারণ শিক্ষার্থীরা দুবাইতে পৌঁছাতে পারেননি, যেখানে তার সংস্থা ইতোমধ্যে কয়েক মাস প্রচেষ্টার পরে এই তরুণীদলের জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি, বাসস্থান, পরিবহন ও নিরাপত্তার ব্যবস্থা করেছে।

হাবতুর আরও বলেন, "আফগানিস্তানের কর্তৃপক্ষ অযৌক্তিক ভাবে তাদের প্রস্থানে বাধা দিয়েছে, অন্যায়ভাবে তাদের স্বাধীনতা খর্ব করেছে। এটি একটি গভীর ট্র্যাজেডি ; মানবতা, শিক্ষা, সমতা ও ন্যায়বিচারের নীতির বিরুদ্ধে একটি আঘাত হিসাবে দাঁড়িয়েছে।"

এই আমিরাতি ব্যবসায়ী বলেন, "আমি সংশ্লিষ্ট সকল পক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে এবং প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করা এই ছাত্রীদের উদ্ধার ও সহায়তা করার জন্য অনুরোধ করছি।"

তালিবান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

দুবাইতে পড়াশোনার জন্য যেতে চাওয়া এক তরুণীর পরিচয় গোপন রেখে তার নিজ কন্ঠে দেওয়া বার্তা পোস্ট করেন হাবতুর।

সেই তরুণী বলেন, "তারা (তালিবান কর্তৃপক্ষ) শিক্ষার্থী ভিসা ও টিকিট দেখে আমাদের অনুমতি দিচ্ছে না। আমি জানি না কী করব। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা এই বিষয়টি নিয়ে খুব উদ্বিগ্ন।"

This item is part of
XS
SM
MD
LG