অ্যাকসেসিবিলিটি লিংক

মানবতাবিরোধী অপরাধ: আপিলে সাজা কমিয়ে শামসুল হকের ১০ বছরের কারাদণ্ড

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

মানবতাবিরোধী অপরাধের মামলায়, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামালপুরের শামসুল হকের (বদর ভাই) সাজা কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। শামসুল হকের খালাস চেয়ে করা আপিল আবেদনের চূড়ান্ত শুনানি শেষে, মঙ্গলবার (১৪ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

গত ১৮ অক্টোবর শামসুল হকের (বদর ভাই) খালাস চেয়ে করা আপিলের বিষয়ে শুনানি শেষ হয়।আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন; অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। শামসুল হকের পক্ষে ছিলেন; আইনজীবী এস এম শাহজাহান ও ব্যারিস্টার এহসান এ সিদ্দিক।

এর আগে, গত ১২ জুলাই তার আপিলের ওপর শুনানি শুরু হয়। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার রায় দেন আদালত। ২০১৫ সালের ২৬ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে জামালপুরের ৮ জনের বিচার শুরু হয়।

এ মামলায় ২০১৬ সালের ১৮ জুলাই রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও পাঁচ ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, লুটপাট ও মরদেহ গুমের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন; জামালপুরে আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসাইন, আবদুল মান্নান ও আবদুল বারী। আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়; ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক শরীফ আহম্মেদ ওরফে শরীফ হোসেন, হারুন, আবুল হাশেম, মো. শামসুল হক ওরফে বদর ভাই ও এস এম ইউসুফ আলীকে।

দণ্ডিতদের মধ্যে কেবল শামসুল ও ইউসুফ কারাগারে ছিলেন। রায় ঘোষণার সময় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্য ছয়জনকে পলাতক দেখিয়ে এই মামলার বিচার শেষ করা হয়। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন শামসুল ও ইউসুফ। আপিল বিচারাধীন অবস্থায় ইউসুফের মৃত্যু হয়।

গত ১২ জুলাই শামসুল হকের আপিলের শুনানি শুরু হয়। এ মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের আটটি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলো।

This item is part of
XS
SM
MD
LG