অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন।

একাদশ জাতীয় সংসদ বহাল থাকা অবস্থায় ২০২৪ সালের ৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন ঠিক করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট করা হয়েছে।

এ ছাড়া রিটে সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন দায়ের করেন।

রিটের বিষয়টি তিনি নিজেই সাংবাদিকদের নিশ্চিত করে জানিয়েছেন, যেকোনো দিন রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের এখতিয়ার সম্পন্ন বেঞ্চে উপস্থাপন করা হবে।

এর আগে মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর দাবিতে প্রধান নির্বাচন কশিনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আইনজীবী ইউনুস আলী আকন্দ এই নোটিশ পাঠান। কিন্তু নোটিশের পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ না নেওয়ায় বুধবার রিট করেন এই আইনজীবী।

ইউনূস আলী আকন্দ বলেন, ঘোষিত তফসিল পেছানোর জন্য রিটে বলা হয়েছে। এ ছাড়া, দেশের বড় একটি রাজনৈতিক দল নির্বাচনে অনুপস্থিত রয়েছে। যদি তারা নির্বাচনে আসতে চায় সে ক্ষেত্রে ভোটের তারিখ পেছানো উচিত। এ ছাড়া নির্বাচনের বিষয়ে বিদেশিদের চাপও রয়েছে।

রিটটি বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে করা হয়েছে কি না, জানতে চাইলে এই আইনজীবী সাংবাদিকদের বলেন— না, বিএনপির পক্ষ থেকে নয়, জনস্বার্থে এই রিট করেছি।

তিনি বলেন, দেশে হরতাল-অবরোধ চলছে। মানুষের জানমালের ক্ষতি হচ্ছে। সবদিক বিবেচনায় নিয়ে নির্বাচন পেছানোর দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

ইউনুছ আলী আকন্দ জানান, লিগ্যাল নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে আইনগত (হাইকোর্টে রিট) পদক্ষেপ নেওয়া হবে। তারই ধারাবাহিকতায় বুধবার রিট আবেদন করা হয়।

ভোট গ্রহণের ৫২ দিন আগে ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

তফসিল অনুযায়ী, ভোট হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি।

This item is part of
XS
SM
MD
LG