অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: খুলনা ও বাগেরহাটে ১৮ থানায় ওসি রদবদল

খুলনা ও বাগেরহাটে ১৮ থানায় ওসি রদবদল
খুলনা ও বাগেরহাটে ১৮ থানায় ওসি রদবদল

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয় দেশটির নির্বাচন কমিশন। এর পর, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ৪টি এবং খুলনা জেলার ৭টি এবং বাগেরহাট জেলার ৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রদবদল সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কেএমপি কমিশনার, খুলনা জেলার পুলিশ সুপার ও বাগেরহাট জেলার পুলিশ সুপার। খুলনার দু’টি থানার ওসিকে জেলার বাইরে বদলি করা হয়েছে। বাকি ৯টি থানার ওসি বদলি করা হয়েছে, জেলা ও নগরীর ভেতরে বিভিন্ন থানায়।

কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, “নগরীর সদর থানার ওসিকে আড়ংঘাটায় থানায়, আড়ংঘাটার ওসিকে সোনাডাঙ্গা থানায়, সোনাডাঙ্গা থানার ওসিকে খানজাহান আলী থানায় এবং খানজাহান আলী থানার ওসিকে খুলনা সদর থানায় বদলি করা হয়েছে।”

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, “জেলার রূপসা, দিঘলিয়া, বটিয়াঘাটা, ডুমুরিয়া, পাইকগাছা, ফুলতলা ও দাকোপ থানার ওসিকে বদলি করা হয়েছে। এর মধ্যে ডুমুরিয়া থানার ওসিকে মেহেরপুর সদরে এবং দাকোপ থানার ওসিকে মুজিবনগর থানায় বদলি করা হয়।”

“নড়াইল জেলা সদরের ওসিকে ডুমুরিয়া থানায় এবং নড়াগাতি থানার ওসিকে পাইকগাছা থানায় বদলি করা হয়। বাকি ৫ জনকে জেলার ভেতরেই রদবদল করা হয়েছে;” জানান খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।

এদিকে, বাগেরহাট জেলার সাতটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান এ তথ্য জানিয়েছেন।

যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদলি করা হয়েছে, সেগুলো হলো; সদর থানা, শরণখোলা, মোরেলগঞ্জ মোংলা, চিতলমারী, মোল্লাহাট, রামপাল।

শুক্রবার (৮ ডিসেম্বর) বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান জানান, “পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী এই সাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।”

This item is part of
XS
SM
MD
LG