অ্যাকসেসিবিলিটি লিংক

খালেদা জিয়া: বিএনপি প্রধানের স্বাস্থ্য পরিস্থিতির অবনতি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবার করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।

প্রায় চার মাস ধরে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির অবনতি হলে, সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে সিসিইউ-তে স্থানান্তর করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন “মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়।”

লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। চলতি বছরের ৯ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

শর্তসাপেক্ষে ২০২০ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর, তখন থেকেই হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে, হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। এর পর, তাকে কারাগারে পাঠানো হয়। একই বছর দুর্নীতির আরেকটি মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে, সরকার ২০২০ সালের ২৫ মার্চ এক নির্বাহী আদেশে, খালেদা জিয়াকে গুলশানের বাসায় অবস্থান এবং দেশ ত্যাগ না করার শর্তে সাময়িকভাবে মুক্তি দেয়।

This item is part of
XS
SM
MD
LG