অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে পোলিওর বিরুদ্ধে সাফল্যের কথা জানালেন তালিবান মন্ত্রী


ফাইল ছবি- পোলিও টিকা দেওয়ার পর এক স্বাস্থ্যকর্মী আফগানিস্তানের কান্দাহারে একটি শিশুর আঙুলে কালি দিয়ে চিহ্নিত করছেন।( ২৮ জুন, ২০২২)
ফাইল ছবি- পোলিও টিকা দেওয়ার পর এক স্বাস্থ্যকর্মী আফগানিস্তানের কান্দাহারে একটি শিশুর আঙুলে কালি দিয়ে চিহ্নিত করছেন।( ২৮ জুন, ২০২২)

বুধবার পাকিস্তান আয়োজিত একটি আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনে আফগানিস্তানের তালিবান সরকারের একজন জ্যেষ্ঠ প্রতিনিধি বলেছেন, তার দেশে মশাবাহিত ম্যালেরিয়া এবং ডেঙ্গু জ্বরের ঘটনা বৃদ্ধি পেয়েছে। তবে, অত্যন্ত সংক্রামক পোলিও ভাইরাসের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলেও জানান তিনি।

২০২৩ সালে বিশ্বজুড়ে আক্রান্ত মাত্র ১২ টি শিশুর মধ্যে ৬ জন আফগানিস্তান এবং ৬ জন পাকিস্তানের। দেশ দুটির মধ্যে প্রায় ২,৬০০ কিলোমিটারের অভিন্ন সীমান্ত রয়েছে তবে এ বছর এখন পর্যন্ত নতুন করে আক্রান্তের খবর জানা যায়নি।

তালিবানের স্বাস্থ্যমন্ত্রী কালান্দার এবাদ ইসলামাবাদে প্রথম বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা শীর্ষ সম্মেলনে ইংরেজি ভাষায় বলেন, "পোলিও এখনও আফগানিস্তান ও পাকিস্তান উভয় দেশের জন্যই একটি বড় চ্যালেঞ্জ। আমরা পোলিও ভাইরাস নির্মূল করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি এবং সৌভাগ্যবশত আমরা এই ক্ষেত্রে বেশ ভালো সাফল্য অর্জন করেছি।"

পাকিস্তানের রাজধানীতে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘসহ বিশ্বের ৭০টি দেশের প্রতিনিধিরা। এবাদ বলেন, “ আমরা দেশ থেকে পোলিও ভাইরাস নির্মূল করার জন্য কাজ করে যাচ্ছি এবং এই বিষয়ে আমরা সাফল্য অর্জন করছি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, ২০২১ সালের আগস্টে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালিবানদের হাতে যাবার পর থেকে আফগানিস্তানে পোলিও টিকাদান অভিযানের গুণগত মানের উন্নতি ঘটেছে।

যদিও তালিবান মন্ত্রী এবাদ জানিয়েছেন, দেশটিতে "এইচআইভি/এইডস রোগ সামান্য বৃদ্ধি পেয়েছে।"
তিনি চার কোটিরও বেশি জনসংখ্যা অধ্যূষিত দেশটিতে কিছু স্বাস্থ্যগত জরুরি অবস্থার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। সংক্রামক রোগ মোকাবেলায় স্থানীয় দক্ষতা ব্যবহারে সক্ষমতা অর্জনে আফগানিস্তান এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলির জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতিতে সহায়তার প্রয়োজনীয়তা উল্লেখ করে সাহায্যের আহ্বান জানান তিনি।

আফগান নারীদের শিক্ষা ও কাজের সুযোগের নিষেধাজ্ঞার কারণে কোন বিদেশি রাষ্ট্র তালিবান সরকারকে এখনো পর্যন্ত স্বীকৃতি দেয়নি।

XS
SM
MD
LG