অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় যুদ্ধবিরতি প্রশ্নে নিরাপত্তা পরিষদের ভোটে যুক্তরাষ্ট্র ভেটো দেবে

২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি ইসরাইলি সেনাবাহিনী প্রকাশিত হ্যান্ডআউট ছবিতে দেখা যাচ্ছে গাজা ভূখণ্ডের অনির্দিষ্ট একটি স্থানে ইসরাইলি সেনা সদস্যরা তৎপরতা চালাচ্ছে।
২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি ইসরাইলি সেনাবাহিনী প্রকাশিত হ্যান্ডআউট ছবিতে দেখা যাচ্ছে গাজা ভূখণ্ডের অনির্দিষ্ট একটি স্থানে ইসরাইলি সেনা সদস্যরা তৎপরতা চালাচ্ছে।

মঙ্গলবার ইসরাইলের সেনাবাহিনী গাজা ভূখণ্ডের খান ইউনিস এলাকায় তীব্র লড়াইয়ের খবর দিয়েছে। অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আলজেরিয়ার খসড়া প্রস্তাবের ওপর ভোট দেয়ার প্রস্তুতি নিচ্ছে, ত্রাণ সরবরাহ বৃদ্ধি করেছে এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি প্রত্যাখ্যান করেছে।

জাতিসংঘের নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, প্রস্তাবটি আটকাতে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা ব্যবহার করবে।

ভোটাভুটির আগে যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব খসড়া প্রস্তাব পরিষদ সদস্যদের কাছে পাঠিয়ে দেয়। ভয়েস অফ আমেরিকা ওই খসড়া প্রস্তাবটি দেখেছে। এতে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির ওপর গুরুত্বারোপ করা হয়েছে এবং রাফায় ইসরাইলি আক্রমণ থেকে বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য “একটি কার্যকর পরিকল্পনার জরুরি প্রয়োজন”-এর কথা উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবে “জোর দিয়ে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে এরকম বড় ধরনের স্থল অভিযানে অগ্রসর হওয়া উচিত নয়” এবং বলা হয়েছে, “গাজায় বেসামরিক জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার অন্য যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হয়েছে।”

যুক্তরাষ্ট্রের কাছে তার প্রস্তাবটি কাউন্সিলে উত্থাপনের জন্য কোনো সময়সীমা নেই। প্রশাসনের এক ঊর্ধতন কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র কাউন্সিলকে সময় দেবে এবং আসন্ন ভোট আয়োজনের কোনো পরিকল্পনা তাদের নেই।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনা গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

ইসরাইল সতর্ক করে দিয়ে বলেছে, তারা মিশর সীমান্তবর্তী গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকায় অভিযান চালানোর পরিকল্পনা করছে। সেখানে ১৫ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।

জাতিসংঘের কর্মকর্তারা বারবার বলেছেন, গাজায় বেসামরিক নাগরিকদের যাওয়ার জন্য কোনো জায়গাই নিরাপদ নয়।

মিশর তার ভূখণ্ডে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার বিরোধিতা করে বলেছে, এটি তাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার মতো হবে। ইসরাইল অবশ্য এটি অস্বীকার করেছে।

ভয়েস অফ আমেরিকার জাতিসংঘ সংবাদদাতা মার্গারিট বেশীর এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG